ইয়েমেনে চলমান তীব্র সংঘাত ও সংঘর্ষের কারণে দেশটির পশ্চিম উপকূলের বিভিন্ন জেলা থেকে দুই লাখের বেশি মানুষ বাস্তুচ্যুত হয়েছেন। তায়েজ ও এডেন গভর্নরেটের মধ্যবর্তী বিভিন্ন অস্থায়ী শিবিরে মানবেতর জীবন কাটাচ্ছেন এসব অসহায় মানুষ।
মানবিক সহায়তা সংস্থাগুলোর তথ্য অনুযায়ী, আশ্রয়শিবিরগুলোতে পর্যাপ্ত আবাসন ও মৌলিক প্রয়োজনীয় সামগ্রীর চরম সংকট রয়েছে। এখানকার তাঁবুগুলো বসবাসের অনুপযোগী হওয়ায় শিশু ও বয়স্কসহ বহু মানুষ অত্যন্ত দুর্বিষহ পরিস্থিতিতে দিন কাটাচ্ছেন।
পশ্চিম উপকূল থেকে পালিয়ে আসা অনেক শিশু ২০ দিনেরও বেশি সময় ধরে এসব শিবিরে অবস্থান করছে। তীব্র খাদ্যসংকটের কারণে তারা আশপাশের উপত্যকা থেকে শস্য ও উদ্ভিদ সংগ্রহ করে আগুন জ্বালিয়ে তা রান্না করে খেতে বাধ্য হচ্ছে।
শিবিরগুলোতে আশ্রয় নেওয়া মানুষের নিরাপত্তা নিয়েও দেখা দিয়েছে চরম শঙ্কা। স্থানীয়দের সঙ্গে কথা বলার সময়ও কাছের পাহাড়ের আড়াল থেকে গোলাগুলি ও সংঘর্ষের শব্দ শোনা যাচ্ছে। ফলে ঘরবাড়ি ছেড়ে আসার পরও তাদের নিরাপত্তা নিশ্চিত হয়নি। সংঘাতের ভয়াবহতায় অনেকেই একবার নয়, বরং দুই, তিন বা চারবার পর্যন্ত নিজেদের ভিটেমাটি ছেড়ে পালাতে বাধ্য হয়েছেন।
মাতুভূমি/এসএফ

আপনার মতামত দিন