হোম / বিশ্ব / লেবাননে ফের সামরিক হামলার পরিকল্পনা ইসরায়েলে...
বিশ্ব

লেবাননে ফের সামরিক হামলার পরিকল্পনা ইসরায়েলের

আন্তর্জাতিক ডেস্ক
০৫ আগস্ট, ২০২৬ | ১১:৫০ অপরাহ্ন
৬৩ বার পঠিত
ফন্ট:
আমেরিকার মধ্যস্থতায় লেবাননের সঙ্গে পরোক্ষ আলোচনা চললেও দেশটিতে নতুন করে আরও সামরিক হামলার পরিকল্পনা করছে ইসরায়েল।

আমেরিকার মধ্যস্থতায় লেবাননের সঙ্গে পরোক্ষ আলোচনা চললেও দেশটিতে নতুন করে আরও সামরিক হামলার পরিকল্পনা করছে ইসরায়েল। ইসরায়েলি গণমাধ্যমের বরাতে এ তথ্য জানা গেছে।

ইতালির রাজধানী রোমে বর্তমানে দু’দেশের মধ্যস্থতাকারীদের মধ্যে দ্বিতীয় দফার দ্বিতীয় দিনের আলোচনা চলছে। এর আগে যুক্তরাষ্ট্রের রাজধানী ওয়াশিংটনে এ বিষয়ে পাঁচ দফা আলোচনা সম্পন্ন হয়। তবে এ কূটনৈতিক তৎপরতার মধ্যেই ইসরায়েলি সামরিক বাহিনী লেবাননে নতুন করে অভিযানের প্রস্তুতি নিচ্ছে।

ইসরায়েলের সরকারি সম্প্রচারমাধ্যমের প্রতিবেদনে বলা হয়, সশস্ত্র গোষ্ঠী হিজবুল্লাহর বিরুদ্ধে ইসরায়েলের সামরিক প্রতিক্রিয়া এখনো শেষ হয়নি এবং সামনে আরও কিছু কঠোর পদক্ষেপের বিষয়টি বিবেচনায় রয়েছে। দেশটির সংবাদমাধ্যম ‘চ্যানেল ১৩’ জানায়, দক্ষিণ লেবাননে নতুন আক্রমণের সম্ভাবনা মাথায় রেখে বেশ কয়েকটি কৌশলগত পরিকল্পনা তৈরি করেছে সেনাবাহিনী। অপরদিকে ‘চ্যানেল ১২’ উল্লেখ করেছে, লেবাননে আরও জোরদার ও বিস্তৃত পদক্ষেপ নেওয়ার জন্য সরকারের কাছে আনুষ্ঠানিক অনুমতি চেয়েছে ইসরায়েলি সামরিক বাহিনী।

সম্প্রতি দক্ষিণ লেবাননের মাজদাল জাউন এলাকায় একটি ইসরায়েলি ইউনিটে বিস্ফোরণের ঘটনা ঘটে। এতে দেশটির কয়েকজন সেনাসদস্য হতাহত হন এবং গুরুতর আহত অন্তত চারজনকে হেলিকপ্টারে করে হাসপাতালে স্থানান্তর করা হয় বলে ইসরায়েলি সংবাদমাধ্যমে দাবি করা হয়েছে।

অন্যদিকে, লেবাননের সরকারি বার্তা সংস্থার তথ্যমতে, দক্ষিণাঞ্চলের তেবনিন শহরে ইসরায়েলি হামলায় অন্তত একজন নিহত ও ১২ জন আহত হয়েছেন। এছাড়া ইসরায়েলি বাহিনীর সামরিক সতর্ক বার্তা ও সরে যাওয়ার নির্দেশের পর মানসুরি শহর থেকে বহু পরিবার নিরাপদ আশ্রয়ে সরে যেতে বাধ্য হয়েছে।

লেবাননের স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে, গত ২মার্চ থেকে শুরু হওয়া ধারাবাহিক ইসরায়েলি হামলায় এ পর্যন্ত দেশটিতে ৪ হাজার ৩৩৩ জন প্রাণ হারিয়েছেন এবং আহত হয়েছেন ১২ হাজার ২৫০ জনেরও বেশি মানুষ।

আ
আন্তর্জাতিক ডেস্ক

প্রতিবেদক

আপনার মতামত দিন

ফটো কার্ড ডাউনলোড করুন
News Image
dailymatribhumi.com
logo
+