ইতালিতে ২০২৭ সালে ইউরোপীয় ইউনিয়নের বাইরের দেশগুলো থেকে ১ লাখ ৬৫ হাজার ৮৫০ জন বিদেশি কর্মী প্রবেশের সুযোগ দিচ্ছে দেশটির সরকার। কৃষি, পর্যটন ও নির্মাণসহ বিভিন্ন খাতে বিদেশি কর্মী নিয়োগের জন্য নতুন এই কোটা ও আবেদন প্রক্রিয়া আনুষ্ঠানিকভাবে প্রকাশ করা হয়েছে।
২০২৬-২০২৮ মেয়াদের ‘ডিক্রেতো ফ্লুসি’ (Decree Flussi) নামক সরকারি কোটা ব্যবস্থার আওতায় এই উদ্যোগ নেওয়া হয়েছে। ইতালির সরকারি তথ্য অনুযায়ী, ২০২৭ সালের মোট কোটার মধ্যে ৭৬ হাজার ২০০ জনকে অমৌসুমি, ৮৯ হাজার জনকে কৃষি ও পর্যটন খাতের মৌসুমি এবং ৬৫০ জনকে স্বনিয়োজিত কাজের জন্য নেওয়া হবে। এর মধ্যে কেবল পরিবারভিত্তিক পরিচর্যা বা কেয়ারগিভিং খাতের অমৌসুমি কোটায় রাখা হয়েছে ১৪ হাজার স্থান।
যোগ্য দেশের তালিকায় বাংলাদেশ
এই বিশাল কর্মী নিয়োগ প্রক্রিয়ায় যোগ্য দেশগুলোর তালিকায় নাম রয়েছে বাংলাদেশেরও। বাংলাদেশ ছাড়াও ভারত, পাকিস্তান, শ্রীলঙ্কা, ফিলিপাইন, নেপাল এবং আফ্রিকার বেশ কয়েকটি দেশের নাগরিকরা এই কোটার সুবিধা পাবেন।
আবেদন করবেন যেভাবে
২০২৭ সালের কোটার জন্য আবেদনপত্র প্রাক-পূরণ বা প্রিকম্পাইলেশন শুরু হবে আগামী ২৩ অক্টোবর ২০২৬ সকাল ৯টা থেকে এবং চলবে ৭ ডিসেম্বর ২০২৬ রাত ৮টা পর্যন্ত। ইতালির স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের 'Portale Servizi ALI' প্ল্যাটফর্মের মাধ্যমে এই আবেদন করতে হবে। সাধারণত বিদেশি কর্মীরা নিজে সরাসরি আবেদন করেন না; ইতালিতে থাকা নিয়োগকর্তা বা অনুমোদিত প্রতিনিধি সংশ্লিষ্ট কর্মীর জন্য চাকরির অনুমোদন বা 'নুল্লা ওস্তা' (Nulla Osta) চেয়ে আবেদন করেন। অনুমোদন পাওয়ার পর কর্মী নিজ দেশের ইতালীয় দূতাবাস বা কনস্যুলেটের মাধ্যমে ভিসার প্রক্রিয়া সম্পন্ন করেন।
এদিকে খাতভেদে আলাদা দিনে ‘ক্লিক ডে’ নির্ধারণ করা হয়েছে। কৃষি খাতের মৌসুমি কর্মীদের আবেদন জমা শুরু হবে ১২ জানুয়ারি ২০২৭, পর্যটন খাতে ৯ ফেব্রুয়ারি, অমৌসুমি কাজের জন্য ১৬ ফেব্রুয়ারি এবং পরিবারভিত্তিক পরিচর্যা খাতের জন্য ১৮ ফেব্রুয়ারি। প্রতিটি ক্ষেত্রে স্থানীয় সময় সকাল ৯টায় আবেদন শুরু হয়ে কোটা থাকা সাপেক্ষে ৩১ ডিসেম্বর ২০২৭ পর্যন্ত তা জমা দেওয়া যাবে।
উল্লেখ্য, তিন বছর মেয়াদী এই পরিকল্পনায় ২০২৬ সালে ১ লাখ ৬৪ হাজার ৮৫০, ২০২৭ সালে ১ লাখ ৬৫ হাজার ৮৫০ এবং ২০২৮ সালে ১ লাখ ৬৬ হাজার ৮৫০ জন বিদেশি কর্মী নেওয়ার লক্ষ্যমাত্রা নির্ধারণ করেছে ইতালি সরকার। সাধারণ প্রবাসীদের ভিসার নামে কোনো দালাল বা মধ্যস্বত্বভোগী চক্রের প্রতারণা থেকে সতর্ক থাকার পরামর্শ দেওয়া হয়েছে।
মাতুভূমি/এসএফ

আপনার মতামত দিন