যুক্তরাষ্ট্রের পেনসিলভানিয়ায় হামের (মিজলস) প্রাদুর্ভাব ভয়াবহ রূপ নিয়েছে। রাজ্যটিতে গত তিন দশকের মধ্যে সবচেয়ে বড় এই মহামারীতে আক্রান্তের সংখ্যা এক হাজার ছাড়িয়েছে এবং হাসপাতালে ভর্তি হয়েছেন প্রায় দুই শ' জন।
সোমবার (৫ অক্টোবর) পেনসিলভানিয়ার স্বাস্থ্য বিভাগ প্রকাশিত তথ্য অনুযায়ী, রাজ্যটিতে এখন পর্যন্ত ১ হাজার ৪ জনের দেহে হাম শনাক্ত হয়েছে। এর মধ্যে হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন ১৯৮ জন এবং আক্রান্তদের প্রায় এক-তৃতীয়াংশই শিশু। চলতি বছরের শুরুতে দক্ষিণ ক্যারোলিনায় ৯৯৭ জন আক্রান্তের রেকর্ড ছাড়িয়ে পেনসিলভানিয়ার এই প্রাদুর্ভাব দেশটিতে সাম্প্রতিক দশকের সবচেয়ে বড় আকার ধারণ করেছে।
বিশেষজ্ঞদের মতে, এপ্রিলের শেষ দিকে শুরু হওয়া এই পরিস্থিতি নিয়ন্ত্রণে পর্যাপ্ত মানুষ এখনো টিকা নিচ্ছেন না। পিটসবার্গ মেডিকেল সেন্টারের সংক্রামক রোগ বিশেষজ্ঞ জন গোল্ডম্যান সতর্ক করে বলেছেন, পরিস্থিতি আরও তিন থেকে ছয় মাস পর্যন্ত দীর্ঘায়িত হতে পারে।
আক্রান্ত শিশুদের প্রায় ১৮ শতাংশকে হাসপাতালে ভর্তি করতে হয়েছে। চিকিৎসকরা জানিয়েছেন, শিশুদের মধ্যে পানিশূন্যতা, যকৃতে সমস্যা, বমি এবং মস্তিষ্কে প্রদাহের মতো গুরুতর ও স্থায়ী স্নায়বিক ক্ষতি দেখা দিচ্ছে। এছাড়া রাজ্যটিতে হামে আক্রান্ত হয়ে এখন পর্যন্ত পাঁচজনের মৃত্যুর খবর পাওয়া গেছে। মৃতদের মধ্যে দুই শিশু, এক কিশোর ও একজন ৪০ বছর বয়সী নারী রয়েছেন।
স্বাস্থ্য বিভাগের তথ্য অনুযায়ী, সবচেয়ে বেশি সংক্রমণ ছড়িয়েছে ল্যাঙ্কাস্টার কাউন্টিতে, যেখানে ঐতিহাসিকভাবে টিকা নেওয়ার হার কম। বিশেষজ্ঞদের মতে, হাম পুরোপুরি প্রতিরোধ করতে কোনো জনগোষ্ঠীর অন্তত ৯৫ শতাংশ মানুষের টিকা নেওয়া প্রয়োজন। তবে সচেতনতার অভাবে পেনসিলভানিয়ায় এ পর্যন্ত মাত্র ৮ হাজার ৮৪৩টি টিকা দেওয়া হয়েছে। পাশাপাশি, সীমান্তবর্তী ওহাইও অঙ্গরাজ্যেও ২১০ জন হামে আক্রান্ত হওয়ায় পার্শ্ববর্তী অঞ্চলগুলোতেও উদ্বেগ বাড়ছে।
মাতুভূমি/এসএফ

আপনার মতামত দিন