ইয়েমেনের হুথি বিদ্রোহীদের ক্রমবর্ধমান আগ্রাসন ও ক্ষেপণাস্ত্র হামলার জবাবে ত্রিপক্ষীয় সামরিক চুক্তির আওতায় সৌদি আরবে দ্রুত সেনা মোতায়েন করার সিদ্ধান্ত নিয়েছে তুরস্ক ও পাকিস্তান। সোমবার (৫ অক্টোবর) রিয়াদে অনুষ্ঠিত এক জরুরি শীর্ষ বৈঠকের পর যৌথ বিবৃতিতে এ কথা জানানো হয়। গালফ নিউজের এক প্রতিবেদনে এ তথ্য উঠে এসেছে।
এর আগে গত আগস্ট মাসে সৌদি আরব, তুরস্ক ও পাকিস্তানের মধ্যে ঐতিহাসিক ‘মক্কা যৌথ প্রতিরক্ষা চুক্তি’ স্বাক্ষরিত হয়েছিল। ওই চুক্তি অনুযায়ী, স্বাক্ষরকারী কোনো দেশ আক্রান্ত হলে বাকি সদস্য রাষ্ট্রগুলো সামরিক সহায়তা প্রদানে প্রতিশ্রুতিবদ্ধ। সোমবারে রিয়াদের বৈঠকে মধ্যপ্রাচ্যের এই তিন দেশের প্রতিনিধিরা সৌদি ভূখণ্ড, বিশেষ করে পবিত্র মক্কা ও মদিনা নগরীকে লক্ষ্য করে চালানো সাম্প্রতিক হামলার তীব্র সমালোচনা করেন।
যৌথ বিবৃতিতে প্রতিনিধিরা স্পষ্ট জানিয়ে দেন, সৌদি আরবের নিরাপত্তা ও অখণ্ডতার ওপর যেকোনো হুমকি কঠোরভাবে প্রতিহত করা হবে। সম্মিলিত প্রতিরক্ষা প্রতিশ্রুতির অংশ হিসেবে সৌদি আরবে দ্রুত প্রয়োজনীয় সামরিক শক্তি ও সক্ষমতা মোতায়েনের বিষয়ে তারা একমত হয়েছেন। তবে এই সেনারা ঠিক কী ধরনের ভূমিকা পালন করবে, সে বিষয়ে এখনো সুনির্দিষ্ট কিছু জানানো হয়নি।
উল্লেখ্য, গত জুলাইয়ে ইয়েমেনের গৃহযুদ্ধ নতুন করে তীব্র আকার ধারণ করার পর থেকে সৌদি আরবের বিভিন্ন শহর ও অবকাঠামোতে ধারাবাহিকভাবে হামলা চালিয়ে আসছে হুথিরা। এর জবাবে সৌদি আরবের পূর্ণ সামরিক সহায়তায় ইয়েমেন সরকার হুথিদের বিরুদ্ধে বড় ধরনের পাল্টা অভিযান শুরু করেছে।
মাতুভূমি/এসএফ

আপনার মতামত দিন