ভারতের পশ্চিমবঙ্গের বিধানসভার দুটি আসনে উপনির্বাচন চলাকালে ভোটকেন্দ্রে পুলিশের হস্তক্ষেপের অভিযোগ তোলার মাত্র কয়েক ঘণ্টার মধ্যে আম জনতা উন্নয়ন পার্টির (এজেইউপি) প্রতিষ্ঠাতা এবং বাবরি মসজিদের আদলে মসজিদ নির্মাণ প্রকল্পের প্রধান উদ্যোক্তা হুমায়ুন কবীরকে গ্রেপ্তার করেছে পুলিশ। মঙ্গলবার (৬ অক্টোবর) মুর্শিদাবাদ জেলার রেজিনগর আসনে এই ঘটনা ঘটে। এই আসনে এজেইউপির প্রার্থী হয়েছেন হুমায়ুন কবীরের ছেলে গুলাম নবী আজাদ।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, মঙ্গলবার সকালে রেজিনগরে দলীয় কার্যালয়ে যাওয়ার পর দায়িত্বরত পুলিশ সদস্যদের সঙ্গে হুমায়ুন কবীরের বাকবিতণ্ডা হয়। পরবর্তীতে তিনি ভোটকেন্দ্রের দিকে এগিয়ে যাওয়ার চেষ্টা করলে পুলিশ তাকে বাধা দেয় এবং জানায় যে তিনি প্রার্থী বা নির্বাচনী এজেন্ট না হওয়ায় বুথের কাছাকাছি যেতে পারবেন না।
এ সময় পুলিশের বিরুদ্ধে পক্ষপাতিত্ব ও ভোটারদের ভয় দেখানোর অভিযোগ তুলে হুমায়ুন কবীর ক্ষোভ প্রকাশ করেন এবং পুলিশের সঙ্গে সরাসরি লড়াইয়ের হুঁশিয়ারি দেন। এর পরপরই পুলিশ তাকে আটক করে গাড়িতে তোলে এবং পরবর্তীতে গ্রেপ্তার দেখায়। মুর্শিদাবাদ পুলিশ জেলার বেলডাঙার মহকুমা পুলিশ কর্মকর্তা (এসডিপিও) আনন্দজিৎ হোর গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করেছেন। এর আগে হুমায়ুন কবীর ও তার দলের নেতাদের বিরুদ্ধে একাধিক মামলা দায়ের করা হয়েছিল।
মাতুভূমি/এসএফ

আপনার মতামত দিন