হোম / খেলাধুলা / মেসি-ঝলকে রেকর্ড গড়া জয় পেল মিয়ামি
খেলাধুলা

মেসি-ঝলকে রেকর্ড গড়া জয় পেল মিয়ামি

স্পোর্টস ডেস্ক
০৬ আগস্ট, ২০২৬ | ১২:৪৫ পূর্বাহ্ন
৮৬ বার পঠিত
ফন্ট:
বিশ্বকাপ শেষে ছুটি কাটিয়ে মাঠে ফেরার পর প্রথম ম্যাচে নিজেকে পুরোপুরি মেলতে না পারলেও, দ্বিতীয় ম্যাচেই চিরচেনা রূপে জ্বলে উঠলেন লিওনেল মেসি।

বিশ্বকাপ শেষে ছুটি কাটিয়ে মাঠে ফেরার পর প্রথম ম্যাচে নিজেকে পুরোপুরি মেলতে না পারলেও, দ্বিতীয় ম্যাচেই চিরচেনা রূপে জ্বলে উঠলেন লিওনেল মেসি। আর্জেন্টাইন ফুটবল জাদুকরের জোড়া গোল ও চমৎকার নৈপুণ্যে বৃষ্টিবিঘ্নিত ম্যাচে অ্যাটলেটিকো দে সান লুইসকে হারিয়ে সহজ জয় তুলে নিয়েছে ইন্টার মিয়ামি।

বৃহস্পতিবার সকালে ঘরের মাঠে লিগস কাপের রোমাঞ্চকর ম্যাচে মেক্সিকান ক্লাব অ্যাটলেটিকো দে সান লুইসকে ৪-২ ব্যবধানে হারিয়েছে ইন্টার মিয়ামি।

ম্যাচের শুরুতেই অবশ্য স্তব্ধ হয়ে যায় মিয়ামির গ্যালারি। চতুর্থ মিনিটে ডেভিড রদ্রিগেজের চমৎকার গোলে সফরকারী অ্যাটলেটিকো এগিয়ে যায়। তবে এই ধাক্কা সামলাতে বেশি সময় নেয়নি স্বাগতিকরা। ১১তম মিনিটে বাঁ প্রান্ত থেকে নোয়া অ্যালেনের বাড়ানো বল জালে পাঠিয়ে মিয়ামিকে সমতায় ফেরান মেসি। ছুটি কাটিয়ে ফেরার পর চলতি বছরে এটিই ছিল তার প্রথম গোল। এরপর ২৬তম মিনিটে সেগোভিয়া গোল করলে ২-১ ব্যবধানে এগিয়ে যায় মিয়ামি।

প্রথমার্ধের বিরতির ঠিক এক মিনিট আগে আবারও মেসি-ঝলক দেখায় বিশ্ব। অ্যালেনের ক্রস থেকে বল পেয়ে ডি-বক্সের ভেতর ঢুকেই জোরালো শটে নিজের দ্বিতীয় ও দলের তৃতীয় গোলটি করেন ফুটবলের এই বরপুত্র।

এই গোলের মধ্য দিয়ে একটি মাইলফলক স্পর্শ করেন তিনি। লিগস কাপে মেসির মোট গোল সংখ্যা এখন ১৪টি। টুর্নামেন্টের ইতিহাসে এটিই এখন এককভাবে সর্বোচ্চ গোলের রেকর্ড।

প্রথমার্ধের একেবারে শেষ মুহূর্তে মিয়ামির চতুর্থ গোলটিতেও ছিল মেসির প্রত্যক্ষ অবদান। তার নেওয়া চমৎকার কর্নার কিক থেকে হেডে গোল করেন মিকায়েল। ফলে ৪-১ ব্যবধানের বিশাল লিড নিয়ে বিরতিতে যায় দল।

দ্বিতীয়ার্ধে ভারী বৃষ্টির কারণে প্রায় ২৫ মিনিট খেলা স্থগিত থাকে। ম্যাচ পুনরায় শুরু হওয়ার পর সান লুইস আরও একটি গোল শোধ করে ব্যবধান ৪-২ এ নামিয়ে আনে। তবে শেষ পর্যন্ত মিয়ামির জয় আটকাতে পারেনি তারা, পূর্ণ পয়েন্ট নিয়েই মাঠ ছাড়ে ইন্টার মিয়ামি।

স
স্পোর্টস ডেস্ক

প্রতিবেদক

আপনার মতামত দিন

ফটো কার্ড ডাউনলোড করুন
News Image
dailymatribhumi.com
logo
+