রাশিয়ার অব্যাহত ড্রোন ও ক্ষেপণাস্ত্র হামলায় কেঁপে উঠল ইউক্রেন। দেশটির উত্তরাঞ্চলীয় প্রদেশ চেরনিহিভের প্রিলুকি জেলাসহ বিভিন্ন এলাকায় বুধবার (৭ অক্টোবর) রাতের এই ভয়াবহ হামলায় অন্তত ২৮ জন নিহত হয়েছেন। নিহতদের মধ্যে ৫ জন নিষ্পাপ শিশুও রয়েছে।
ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি এক বিবৃতিতে জানিয়েছেন, প্রিলুকির একটি অ্যাপার্টমেন্ট ব্লকে রুশ ক্ষেপণাস্ত্রের সরাসরি আঘাতে ঘুমন্ত অবস্থায় শিশুরা প্রাণ হারায়। নিহত শিশুদের মধ্যে তিনজনের বয়স মাত্র ১২ মাস এবং একজনের বয়স আট বছর। শক্তিশালী বিস্ফোরণে পাঁচতলা ভবনটির অর্ধেক অংশই ধ্বংসস্তূপে পরিণত হয়। হামলায় বহু মানুষ আহত হয়েছেন, যাদের মধ্যে অন্তত সাতজন শিশু রয়েছে।
স্থানীয় বাসিন্দারা জানান, বুধবার স্থানীয় সময় সকাল সাড়ে ৬টার দিকে এই হামলা শুরু হয়। এর আগে থেকেই রাশিয়া জ্বালানি অবকাঠামোসহ বিভিন্ন বেসামরিক লক্ষ্যবস্তুতে হামলার হুঁশিয়ারি দিয়েছিল। ইউক্রেনের বিমান বাহিনী জানিয়েছে, দিনিপ্রোপেত্রোভস্ক, কিয়েভ, খারকিভ ও পোলতাভাসহ দেশের বিভিন্ন অঞ্চলে অন্তত ৫০টি ক্ষেপণাস্ত্র ও ১৩০টি ড্রোন দিয়ে এই হামলা চালিয়েছে রুশ বাহিনী। শীতকাল ঘনিয়ে আসার সাথে সাথে রাজধানীতে হামলার তীব্রতা বৃদ্ধি পাওয়ায় চরম আতঙ্কে দিন কাটাচ্ছেন সাধারণ নাগরিকরা। অনেকেই জীবন বাঁচাতে মেট্রো স্টেশনগুলোতে আশ্রয় নিচ্ছেন।
এই হামলাকে সংঘাতের অন্যতম ‘ঘৃণ্যতম অধ্যায়’ উল্লেখ করে প্রেসিডেন্ট জেলেনস্কি বলেন, বেসামরিক জনগোষ্ঠীকে লক্ষ্য করে এই ধরনের আক্রমণ নিছক সন্ত্রাস সৃষ্টির সুপরিকল্পিত পদক্ষেপ। এই পরিস্থিতিতে ইউক্রেনীয় ভূখণ্ড রক্ষায় আরও শক্তিশালী আকাশ প্রতিরক্ষা ব্যবস্থার প্রয়োজনীয়তার ওপর জোর দিয়েছেন তিনি।
মাতুভূমি/এসএফ

আপনার মতামত দিন