হোম / জাতীয় / বাংলাদেশি পণ্যে নিষেধাজ্ঞা প্রত্যাহারের দাবি
জাতীয়
ভারতের ত্রিপুরার ব্যবসায়ীদের

বাংলাদেশি পণ্যে নিষেধাজ্ঞা প্রত্যাহারের দাবি

ডেস্ক রিপোর্ট
১১ অক্টোবর, ২০২৬ | ০৬:৫৮ পূর্বাহ্ন
৬৮ বার পঠিত
ফন্ট:

বাংলাদেশ থেকে নির্দিষ্ট পণ্য আমদানিতে আরোপিত নিষেধাজ্ঞা তুলে নিয়ে দুই দেশের বাণিজ্য স্বাভাবিক করার দাবি জানিয়েছেন ভারতের ত্রিপুরার ব্যবসায়ী ও স্থলবন্দর-সংশ্লিষ্ট ব্যক্তিরা। তাঁদের দাবি, নিষেধাজ্ঞার কারণে রাজ্যের বাজারে কিছু পণ্যের সরবরাহ কমেছে এবং দাম বেড়েছে।

ভারতের বৈদেশিক বাণিজ্য অধিদপ্তর (ডিজিএফটি) ২০২৫ সালের ১৭ মে বাংলাদেশ থেকে আমদানি করা কয়েক ধরনের পণ্যের ওপর স্থলবন্দরভিত্তিক বিধিনিষেধ আরোপ করে। এর আওতায় তৈরি পোশাক, প্রক্রিয়াজাত খাদ্য, পানীয়, তুলা ও তুলার বর্জ্য, নির্দিষ্ট প্লাস্টিকপণ্য এবং কাঠের আসবাব রয়েছে। এসব পণ্য আসাম, মেঘালয়, ত্রিপুরা ও মিজোরামের স্থলবন্দর দিয়ে প্রবেশে নিষেধাজ্ঞা দেওয়া হয়।

ভারতের স্থলবন্দর কর্তৃপক্ষের আখাউড়া চেকপোস্টের ব্যবস্থাপক দেবাশিস নন্দী বলেন, ভৌগোলিক নৈকট্যের কারণে ত্রিপুরা বাংলাদেশের ওপর বেশ কিছু পণ্যের জন্য নির্ভরশীল। অন্য রাজ্য থেকে এসব পণ্য আনতে পরিবহন খরচ বেশি পড়ে। ফলে আমদানিতে বিধিনিষেধের প্রভাব পড়ছে স্থানীয় বাজারে।

তিনি জানান, আগে ৮ থেকে ১০ রুপিতে বিক্রি হওয়া কিছু পণ্যের দাম বেড়ে ১৫ থেকে ২০ রুপি হয়েছে। তবে কোন পণ্যের দাম বেড়েছে, তা নির্দিষ্ট করে জানাননি তিনি।

দেবাশিস নন্দী বলেন, বাংলাদেশ ও ত্রিপুরা—উভয় পক্ষই সীমান্ত বাণিজ্য থেকে লাভবান হয়। কোন পণ্য আমদানি করা যাবে এবং কীভাবে স্থলবন্দর দিয়ে বাণিজ্য সহজ করা যায়, তা নিয়ে সংশ্লিষ্টদের মধ্যে আলোচনা চলছে।

এদিকে, ভারত-বাংলাদেশ চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির ত্রিপুরা শাখা নির্বাচিত বাংলাদেশি পণ্যের ওপর নিষেধাজ্ঞা তুলে নেওয়া এবং সাবরুম স্থলবন্দর চালুর দাবি জানিয়েছে। ৯ অক্টোবর আগরতলায় ব্যবসায়ীদের বৈঠকে সীমান্ত বাণিজ্যের বাধা দূর করা ও পণ্য পরিবহন সহজ করার বিষয়টি গুরুত্ব পায়।

ত্রিপুরায় ভারতের স্থলবন্দর কর্তৃপক্ষের অধীনে আগরতলা, শ্রীমন্তপুর ও সাবরুম—তিনটি স্থলবন্দর রয়েছে। ব্যবসায়ীদের আশা, নিষেধাজ্ঞা শিথিল হলে দুই দেশের বাণিজ্য বাড়বে, পণ্যের সরবরাহ স্বাভাবিক হবে এবং পরিবহন ব্যয় কমবে।

 

মাতুভূমি/এএইচ

ড
ডেস্ক রিপোর্ট

প্রতিবেদক

আপনার মতামত দিন

ফটো কার্ড ডাউনলোড করুন
News Image
dailymatribhumi.com
logo
+