হোম / বিশ্ব / দিল্লিতে ফের বিক্ষোভের ডাক রাহুলের, সব সংসদ স...
বিশ্ব

দিল্লিতে ফের বিক্ষোভের ডাক রাহুলের, সব সংসদ সদস্যকে উপস্থিত থাকার নির্দেশ

আন্তর্জাতিক ডেস্ক
১১ অক্টোবর, ২০২৬ | ১১:৪৪ পূর্বাহ্ন
৮৭ বার পঠিত
ফন্ট:
কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহকে উদ্দেশ্য করে কড়া সমালোচনা করে রাহুল বলেন, দিল্লি পুলিশকে ব্যবহার করে ‘গুণ্ডামি’ করা হচ্ছে এবং রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘের (আরএসএস) কর্মীদের নারী ও যুবকদের ওপর হামলার সুযোগ দেওয়া হচ্ছে।

ভারতে ‘ভোট চুরি’ ইস্যুতে প্রধান নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমারের পদত্যাগের দাবিতে রাজপথে নামার ঘোষণা দিয়েছে বিরোধীদের রাজনৈতিক জোট ‘ইন্ডিয়া ব্লক’। এর অংশ হিসেবে কংগ্রেস তার দলের সকল সংসদ সদস্যকে সোমবার (১২ অক্টোবর) রাজধানী দিল্লিতে উপস্থিত থাকার নির্দেশ দিয়েছে।

ইকোনমিক টাইমসের প্রতিবেদন অনুযায়ী, নির্বাচনী প্রক্রিয়ায় অনিয়মের প্রতিবাদে চলমান বিক্ষোভের ধারাবাহিকতায় ইন্ডিয়া ব্লক ভারতের প্রধান বিচারপতির কাছে একটি স্মারকলিপি জমা দেওয়ার পরিকল্পনাও করেছে।

লোকসভায় বিরোধীদলীয় নেতা রাহুল গান্ধী ঘোষণা করেছেন, সিইসি জ্ঞানেশ কুমারের পদত্যাগের দাবিতে আন্দোলনরত ছাত্র ও নারীদের ওপর দিল্লি পুলিশ ও ভারতীয় জনতা পার্টির (বিজেপি) কর্মীরা সহিংস হামলা চালিয়েছে। এর প্রতিবাদে ১২ অক্টোবর (সোমবার) আবারও রাজপথে বিক্ষোভ জোরদার করবে ইন্ডিয়া জোট।

সামাজিক মাধ্যম এক্সে (সাবেক টুইটার) দেওয়া একাধিক পোস্টে রাহুল গান্ধী ভারতের প্রধানমন্ত্রীকে ‘মিস্টার ইন্ডিয়া’ চলচ্চিত্রের খলনায়ক ‘মোগাম্বো’ চরিত্রের সঙ্গে তুলনা করেন। একই সঙ্গে সরকার তরুণ ও শিক্ষার্থীদের কণ্ঠস্বর চেপে ধরার চেষ্টা করছে বলেও অভিযোগ তোলেন তিনি।

কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহকে উদ্দেশ্য করে কড়া সমালোচনা করে রাহুল বলেন, দিল্লি পুলিশকে ব্যবহার করে ‘গুণ্ডামি’ করা হচ্ছে এবং রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘের (আরএসএস) কর্মীদের নারী ও যুবকদের ওপর হামলার সুযোগ দেওয়া হচ্ছে।

পরবর্তী ধাপের আন্দোলন নিয়ে তিনি বলেন, “আগামী সোমবার (১২ অক্টোবর) কংগ্রেস, পুরো ইন্ডিয়া জোট এবং দেশের তরুণ সমাজ বিপুল সংখ্যায় আবারও রাজপথে নামবে। এই আন্দোলনের আওয়াজ সারা দেশে আগের চেয়েও জোরালোভাবে প্রতিধ্বনিত হবে।”

রাহুল গান্ধী স্পষ্ট বার্তা দিয়ে আরও বলেন, “আপনি ১০, ২০ বা ৪০ হাজার যত ইচ্ছা পুলিশ আনুন কিংবা বিজেপি-আরএসএসের লোক পাঠান—আমরা ভয় পাব না, পিছুও হটব না। এই লড়াই আর থামবে না।”

 

 

মাতুভূমি/এসএফ

আ
আন্তর্জাতিক ডেস্ক

প্রতিবেদক

আপনার মতামত দিন

ফটো কার্ড ডাউনলোড করুন
News Image
dailymatribhumi.com
logo
+