সৌদি আরবের রিয়াদের কিং খালিদ আন্তর্জাতিক বিমানবন্দরের পর এবার দাম্মাম বিমানবন্দরের কার্যক্রমও বন্ধ ঘোষণা করা হয়েছে। সর্বশেষ তথ্য অনুযায়ী, রিয়াদ ও দাম্মাম বিমানবন্দরে ফ্লাইট ওঠানামা স্থগিত থাকলেও সৌদি আরবের অন্যান্য রুটে সীমিত পরিসরে বিমান চলাচল স্বাভাবিক রয়েছে।
জানা গেছে, দাম্মাম বিমানবন্দরে অবতরণ করতে না পেরে বাংলাদেশ থেকে ছেড়ে যাওয়া বিমান বাংলাদেশ এয়ারলাইনসের একটি ফ্লাইট কাতারের দোহা আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করে। পরবর্তীতে কাতার থেকে ফ্লাইটটি পুনরায় দাম্মামের উদ্দেশে যাত্রা করে।
সৌদির দুটি বিমানবন্দরে ফ্লাইট কার্যক্রম স্থগিত হলেও সব রুটে বিমান চলাচল বন্ধ হয়নি। সোমবার (১২ অক্টোবর) বাংলাদেশ সময় ভোর ৫টা ৫৫ মিনিটে জেদ্দা থেকে ঢাকার উদ্দেশে বিমান বাংলাদেশ এয়ারলাইনসের ফ্লাইট বিজি-৩৩৬ ছেড়ে আসে। এছাড়া ঢাকা থেকে মদিনার উদ্দেশে নির্ধারিত ফ্লাইট বিজি-৫৩৭ ছেড়ে যাচ্ছে।
এদিকে বিমান বাংলাদেশ এয়ারলাইনস এক বিজ্ঞপ্তিতে জানিয়েছে, সৌদির দুই বিমানবন্দরে ফ্লাইট বন্ধ থাকার কারণে স্থগিত হওয়া ফ্লাইটগুলোর নতুন সময়সূচি আজ বেলা ১২টার মধ্যে আনুষ্ঠানিকভাবে জানিয়ে দেওয়া হবে।
বিমানবন্দর বন্ধের কারণে প্রবাসী ও সাধারণ যাত্রীদের ভ্রমণ পরিকল্পনায় বিঘ্ন ঘটতে পারে। তাই সংশ্লিষ্ট যাত্রীদের নিজ নিজ ফ্লাইটের সর্বশেষ অবস্থা ও পরিবর্তিত সময়সূচি জানতে বিমানের অফিসিয়াল বিজ্ঞপ্তি অনুসরণ করার পরামর্শ দেওয়া হয়েছে।
মাতুভূমি/এসএফ

আপনার মতামত দিন