ভারতের রাজধানী নয়াদিল্লিতে ভারী বৃষ্টি ও তীব্র ঝড়ের আশঙ্কায় আবহাওয়া অধিদপ্তর (আইএমডি) 'রেড অ্যালার্ট' জারি করেছে। পূর্বাভাসে প্রতি ঘণ্টায় ১৫ মিলিমিটারের বেশি বৃষ্টিপাতের পাশাপাশি ঘণ্টায় ৬০ কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়া বয়ে যাওয়ার আশঙ্কা প্রকাশ করা হয়েছে।
সোমবার (১২ অক্টোবর) স্থানীয় সময় ভোর ৬টায় এ সতর্কতা জারি করা হয় বলে নিশ্চিত করেছে ভারতীয় সংবাদমাধ্যম হিন্দুস্তান টাইমস।
দিল্লির পাশাপাশি পার্শ্ববর্তী নয়ডা, গুরুগ্রাম ও গাজিয়াবাদেও বৃষ্টির প্রভাব লক্ষ্য করা গেছে। রাজধানীর করোলবাগ এলাকার ঝান্ডেওয়ালা মন্দিরের সংলগ্ন এলাকায় ভারী বৃষ্টির কারণে জলাবদ্ধতার সৃষ্টি হয়েছে। সকালের ব্যস্ত সময়ে এই পরিস্থিতির কারণে বিভিন্ন সড়কে যান চলাচল ব্যাহত হওয়ার আশঙ্কা দেখা দিয়েছে।
তবে আবহাওয়া অফিসের মতে, বৃষ্টির এই প্রবণতা দীর্ঘস্থায়ী হওয়ার সম্ভাবনা কম। আগামী ছয় দিন দিল্লির আকাশ আংশিক মেঘলা থাকলেও উল্লেখযোগ্য কোনো বৃষ্টিপাতের সম্ভাবনা নেই।
এছাড়া আগামী দিনগুলোতে দিল্লির দিনের সর্বোচ্চ তাপমাত্রা ৩১ থেকে ৩৫ ডিগ্রি সেলসিয়াসের মধ্যে ওঠানামা করতে পারে বলে জানিয়েছে স্থানীয় আবহাওয়া দপ্তর।
মাতুভূমি/এসএফ

আপনার মতামত দিন