আসন্ন শারদীয় দুর্গাপূজা উপলক্ষে অফিসিয়ালি তিন দিনের ছুটি ঘোষণা করেছে তৈরি পোশাক প্রস্তুতকারক ও রপ্তানিকারকদের শীর্ষ সংগঠন বাংলাদেশ গার্মেন্টস ম্যানুফ্যাকচারার্স অ্যান্ড এক্সপোর্টার্স অ্যাসোসিয়েশন (বিজিএমইএ)। এর সঙ্গে সাপ্তাহিক শুক্রবার যোগ হওয়ায় টানা চার দিনের ছুটি পাচ্ছেন পোশাক খাতের শ্রমিকরা।
এক সংবাদ বিজ্ঞপ্তিতে বিজিএমইএ জানায়, আগামী ২০ অক্টোবর (মঙ্গলবার) থেকে ২২ অক্টোবর (বৃহস্পতিবার) পর্যন্ত সংগঠনের ঢাকা ও চট্টগ্রাম অফিসের সব ধরনের দাপ্তরিক কার্যক্রম বন্ধ থাকবে।
বিজ্ঞপ্তিতে বলা হয়, তিন দিনের দুর্গাপূজার ছুটি ও শুক্রবারের সাপ্তাহিক ছুটি শেষে আগামী ২৪ অক্টোবর (শনিবার) থেকে উভয় কার্যালয়ের কার্যক্রম পুনরায় যথারীতি চালু হবে।
তবে ছুটি চলাকালীন জরুরি সেবা বজায় রাখার বিষয়ে বিজিএমইএ জানিয়েছে, ইউডিসহ (ইউটিলাইজেশন ডিক্লেয়ারেশন) অন্যান্য প্রয়োজনীয় সেবাকার্যক্রম সচল রাখতে সংগঠনের কাস্টমস, সিএমসি, শ্রম এবং ফায়ার অ্যান্ড সেফটি শাখার প্রধানরা নিজ নিজ শাখার প্রয়োজনীয় জনবল নিয়ে অনলাইনে দায়িত্ব পালন করবেন।
বিজিএমইএ-এর মহাসচিব মেজর জেনারেল ড. মো. সাহেদুল ইসলাম (অব.) স্বাক্ষরিত এই বিজ্ঞপ্তিটি ঢাকা ও চট্টগ্রাম অঞ্চলের সব কর্মকর্তা, কর্মচারী এবং সংশ্লিষ্ট সদস্য প্রতিষ্ঠানে পাঠানো হয়েছে।
মাতুভূমি/এসএফ

আপনার মতামত দিন