হোম / খেলাধুলা / সাফের শুরুতেই হামজাকে পাচ্ছে না বাংলাদেশ
খেলাধুলা

সাফের শুরুতেই হামজাকে পাচ্ছে না বাংলাদেশ

স্পোর্টস ডেস্ক
১৩ অক্টোবর, ২০২৬ | ১০:৩১ পূর্বাহ্ন
১০৮ বার পঠিত
ফন্ট:
ফিফার অফিশিয়াল উইন্ডো শুরু হবে আগামী ৯ নভেম্বর থেকে। অথচ আসরে বাংলাদেশের অভিযান শুরু হবে ৫ নভেম্বর, ভুটানের বিপক্ষে। ফলে টুর্নামেন্টের উদ্বোধনী ম্যাচেই ভিন্ন কম্বিনেশন নিয়ে মাঠে নামতে হচ্ছে দলকে।

দক্ষিণ এশিয়ার ফুটবলের সর্বোচ্চ আসর সাফ চ্যাম্পিয়নশিপ শুরু হতে আর মাসখানেকও বাকি নেই। তবে মাঠের লড়াই শুরুর আগেই বড় ধাক্কায় পড়েছে বাংলাদেশ জাতীয় ফুটবল দল। আগামী ৪ নভেম্বর থেকে সাফের পর্দা উঠলেও ফিফা উইন্ডোর কারণে শুরুর দিকে দলের বেশিরভাগ প্রবাসী ফুটবলারকে পাচ্ছে না লাল-সবুজের প্রতিনিধিরা।

ফিফার অফিশিয়াল উইন্ডো শুরু হবে আগামী ৯ নভেম্বর থেকে। অথচ আসরে বাংলাদেশের অভিযান শুরু হবে ৫ নভেম্বর, ভুটানের বিপক্ষে। ফলে টুর্নামেন্টের উদ্বোধনী ম্যাচেই ভিন্ন কম্বিনেশন নিয়ে মাঠে নামতে হচ্ছে দলকে।

ইংলিশ ক্লাব শেফিল্ড ইউনাইটেডে খেলা তারকা ফুটবলার হামজা চৌধুরীর ক্লাব ম্যাচ রয়েছে ৭ নভেম্বর পর্যন্ত। কেবল হামজাই নন, অন্যান্য প্রবাসী খেলোয়াড়দের ক্ষেত্রেও একই ধরনের সূচি জটিলতা তৈরি হয়েছে।

জাতীয় দল কমিটির বৈঠক শেষে বাংলাদেশ ফুটবল ফেডারেশনের (বাফুফে) সভাপতি তাবিথ আউয়াল জানান, "সাফে উদ্বোধনী ম্যাচের জন্য আমরা পূর্ণ স্কোয়াড পাব না। প্রায় ৯০ শতাংশ প্রবাসী খেলোয়াড়কে আমরা ৯ নভেম্বরের পরই পাব। ফলে প্রথম ম্যাচের পর হয়তো আমাদের দলে পরিবর্তন আনতে হবে। সাফের আবাসিক ক্যাম্প শুরু হবে ২৫ অক্টোবর থেকে।"

টুর্নামেন্টের প্রস্তুতি হিসেবে অনঅফিশিয়াল উইন্ডোতেই প্রীতি ম্যাচ আয়োজনের পরিকল্পনা করছে বাফুফে। সভাপতি জানান, বিদেশি কোনো দল বা ক্লাবকে এনে একটি প্রস্তুতি ম্যাচ আয়োজনের চেষ্টা চলছে। পাশাপাশি ঘরোয়া লিগের মাঠের নাজুক অবস্থা ও খেলোয়াড়দের চোটের ঝুঁকি কমানোর বিষয়টিকেও গুরুত্ব দেওয়া হচ্ছে।

সর্বশেষ আসিয়ান কাপে ইন্দোনেশিয়ার কাছে ৯ গোল হজমের চরম বিপর্যয়ের পর জাতীয় দলের প্রধান কোচ টমাস ডুলি চরম সমালোচনা ও চাপের মুখে রয়েছেন। কোচের ভবিষ্যৎ প্রসঙ্গে বাফুফে প্রধান বলেন, "ফুটবল বিশ্বে খেলোয়াড় ও কোচিং স্টাফদের পরিবর্তন একটি স্বাভাবিক প্রক্রিয়া। তবে এর মানে এই নয় যে আমরা এখনই কোনো চূড়ান্ত সিদ্ধান্ত নিয়েছি। তবে দলের স্বার্থে যেকোনো সিদ্ধান্তের পথ খোলা রাখা হয়েছে। আসিয়ান কাপের ব্যর্থতা নিয়ে প্রতিটি বিভাগকে জবাবদিহিতার আওতায় আনা হয়েছে। এমনকি আমি নিজেও কমিটির কাছে জবাবদিহি করতে বাধ্য।"

ভবিষ্যতে প্রবাসী প্রতিভাবান ফুটবলারদের জাতীয় দলে যুক্ত করার পরিধি আরও বাড়াতে চায় ফেডারেশন। এর অংশ হিসেবে ইংল্যান্ডে ১৪ থেকে ১৭ বছর বয়সীদের জন্য বছরে দুটি বিশেষ ক্যাম্প ও টুর্নামেন্ট আয়োজনের পরিকল্পনা নেওয়া হয়েছে। পরবর্তীতে ইউরোপের অন্যান্য দেশগুলোতেও বাংলাদেশিদের খোঁজে এমন 'ট্যালেন্ট হান্ট' কার্যক্রম সম্প্রসারিত হবে বলে নিশ্চিত করেছে বাফুফে।

 

 

মাতুভূমি/এসএফ

স
স্পোর্টস ডেস্ক

প্রতিবেদক

আপনার মতামত দিন

ফটো কার্ড ডাউনলোড করুন
News Image
dailymatribhumi.com
logo
+