হোম / বিশ্ব / ১৪ বগি লাইনচ্যুত হয়ে নিহত ৬, আহত ৩০
বিশ্ব
পাকিস্তানে ট্রেন দুর্ঘটনা:

১৪ বগি লাইনচ্যুত হয়ে নিহত ৬, আহত ৩০

আন্তর্জাতিক ডেস্ক
১৩ অক্টোবর, ২০২৬ | ০২:৩৯ অপরাহ্ন
৫৪ বার পঠিত
ফন্ট:

পাকিস্তানের মুলতানের শের শাহ সেতুর কাছে রহমান বাবা এক্সপ্রেসের ১৪টি বগি লাইনচ্যুত হয়ে এক ভয়াবহ দুর্ঘটনা ঘটেছে। এতে অন্তত ৬ জন যাত্রী নিহত এবং ৩০ জন আহত হয়েছেন। ১৩ অক্টোবর দ্য নিউজ ইন্টারন্যাশনালের এক প্রতিবেদনে এ দুর্ঘটনার তথ্য জানানো হয়।

প্রতিবেদন অনুযায়ী, মঙ্গলবার ভোর আনুমানিক ৫টা ১৫ মিনিটের দিকে করাচি থেকে পেশোয়ারগামী ট্রেনটি মুলতানের শের শাহ সেতুর নিকটবর্তী এলাকায় পৌঁছালে এই দুর্ঘটনার শিকার হয়। খবর পেয়ে উদ্ধারকারী দল দ্রুত ঘটনাস্থলে পৌঁছে দুর্ঘটনাকবলিত বগিগুলো সরিয়ে নেওয়ার কাজ শুরু করে এবং আহতদের উদ্ধার করে চিকিৎসার জন্য মুলতানের নিশতার হাসপাতালে পাঠায়।

দুর্ঘটনায় অলৌকিকভাবে বেঁচে যাওয়া এক যাত্রী জানান, ট্রেনটি দুর্ঘটনার মুখোমুখি হওয়ার কিছুক্ষণ আগে রোহড়ির কাছে ৯ নম্বর বগির একটি নাট-বল্টু মেরামত করেছিলেন রেলকর্মীরা। তবে দুর্ঘটনার সুনির্দিষ্ট কারণ এখনো আনুষ্ঠানিকভাবে নিশ্চিত করতে পারেনি রেল কর্তৃপক্ষ।

এ ঘটনার পর পাকিস্তানের প্রধানমন্ত্রী শেহবাজ শরিফ গভীর শোক ও উদ্বেগ প্রকাশ করেছেন। উদ্ধার তৎপরতা জোরদার করার পাশাপাশি আহতদের দ্রুত ও উন্নত চিকিৎসা সুনিশ্চিত করতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে কড়া নির্দেশ দিয়েছেন তিনি।

উল্লেখ্য, পাকিস্তানে জরাজীর্ণ রেললাইনের কারণে ট্রেন দুর্ঘটনা প্রায়শই ঘটে থাকে। এর আগে ২০২৩ সালের আগস্টে সিন্ধুর নবাবশাহর কাছে হাজার এক্সপ্রেস লাইনচ্যুত হয়ে অন্তত ৩০ জন প্রাণ হারিয়েছিলেন এবং শতাধিক যাত্রী আহত হন।

 

 

 

মাতুভূমি/এসএফ

আ
আন্তর্জাতিক ডেস্ক

প্রতিবেদক

আপনার মতামত দিন

ফটো কার্ড ডাউনলোড করুন
News Image
dailymatribhumi.com
logo
+