যুক্তরাষ্ট্রের নিউইয়র্কের জন এফ কেনেডি (জেএফকে) আন্তর্জাতিক বিমানবন্দরে অন্তর্বর্তী সরকারের সাবেক প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসকে হেনস্তার চেষ্টার ঘটনায় আইনি ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রীর তথ্য উপদেষ্টা ডা. জাহেদ উর রহমান।
মঙ্গলবার (১৩ অক্টোবর) সচিবালয়ে তথ্য অধিদপ্তরের সম্মেলন কক্ষে আয়োজিত সংবাদ সম্মেলনে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন।
ঘটনাটিকে ‘আওয়ামী সন্ত্রাস’ হিসেবে উল্লেখ করে ডা. জাহেদ উর রহমান বলেন, "এই ঘটনায় আইনি প্রক্রিয়া শুরু হয়েছে এবং ভবিষ্যতেও কঠোর ব্যবস্থা নেওয়া হবে। এ ধরনের ন্যক্কারজনক ঘটনা কোনোভাবেই জবাবদিহি ছাড়া ছেড়ে দেওয়া হবে না।"
তিনি আরও বলেন, "প্রতিশোধের জন্য নয়, বরং ন্যায়বিচার নিশ্চিত করতেই শেখ হাসিনাকে দেশে ফেরত চায় সরকার। জাতীয় পুনর্মিলনের জন্য গুরুতর ফৌজদারি অপরাধে জড়িত ব্যক্তিদের বিচার হওয়া অত্যাবশ্যক।"
তথ্য উপদেষ্টা অভিযোগ করে বলেন, মানবতাবিরোধী অপরাধের অভিযোগে অভিযুক্ত দলটির মধ্যে এখন পর্যন্ত কোনো অনুতাপের লক্ষণ দেখা যায়নি; বরং তারা নানা ধরনের সংকট তৈরির অপচেষ্টা চালিয়ে যাচ্ছে। শেখ হাসিনা দেশ ছেড়ে যাওয়ার পর ড. ইউনূস রাষ্ট্রের দায়িত্ব গ্রহণ করেছিলেন বলেই প্রবাসে তাঁকে হেনস্তার অপচেষ্টা করা হয়েছে। এছাড়া সম্প্রতি প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী এবং অভিনেত্রী বাঁধনকেও একইভাবে হেনস্তার চেষ্টা করা হয়েছে বলে জানান তিনি।
আওয়ামী লীগের সঙ্গে পুনর্মিলনের সম্ভাবনা নিয়ে এক প্রশ্নের জবাবে ডা. জাহেদ উর রহমান বলেন, প্রকাশ্যে সহিংসতা ও সন্ত্রাসে উসকানি দেওয়া একটি দলের সঙ্গে সরকারের পক্ষ থেকে পুনর্মিলনের উদ্যোগ নেওয়ার প্রশ্নই আসে না। অপরাধের জন্য ক্ষমা চাওয়া বা অনুতাপ প্রকাশের বদলে তারা এখনও হুমকি ও সহিংসতায় উসকানি দিয়ে যাচ্ছে।
মাতুভূমি/এসএফ

আপনার মতামত দিন