ডেঙ্গু প্রতিরোধে জনসচেতনতা বাড়াতে পাড়া-মহল্লায় নিয়মিত মাইকিং এবং জুমার নামাজের খুতবায় সচেতনতামূলক বার্তা প্রচারের জন্য প্রয়োজনীয় ব্যবস্থা নিতে সংশ্লিষ্টদের নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।
আজ মঙ্গলবার বাংলাদেশ সচিবালয়ে প্রধানমন্ত্রীর কার্যালয়ে আয়োজিত ‘ডেঙ্গু প্রতিরোধ ও নিয়ন্ত্রণ’ বিষয়ক এক গুরুত্বপূর্ণ সভায় তিনি এ নির্দেশনা দেন।
সভায় প্রধানমন্ত্রী বলেন, “ডেঙ্গু নিয়ন্ত্রণে আগামী কয়েকটি মাস অত্যন্ত ঝুঁকিপূর্ণ ও গুরুত্বপূর্ণ। এ সময়ে এডিস মশার বিস্তার রোধে সংশ্লিষ্ট সব সরকারি সংস্থাকে সুসমন্বিতভাবে কাজ করতে হবে। বিশেষ করে যেসব এলাকায় সংক্রমণের হার বেশি, সেসব হটস্পটে প্রতিরোধমূলক কার্যক্রম আরও জোরদার করতে হবে।”
ডেঙ্গু প্রতিরোধে সাধারণ মানুষের প্রত্যক্ষ অংশগ্রহণ নিশ্চিত করার ওপর গুরুত্বারোপ করে তারেক রহমান বলেন, স্থানীয় পর্যায়ে মানুষকে সতর্ক করতে নিয়মিত মাইকিং করার পাশাপাশি জুমার নামাজের খুতবায় ডেঙ্গু প্রতিরোধে করণীয় সম্পর্কে দিকনির্দেশনা দেওয়া প্রয়োজন।
সভায় ডেঙ্গু প্রাদুর্ভাব রোধে সব সরকারি আবাসিক কোয়ার্টার ও হাসপাতাল প্রাঙ্গণ নিয়মিত পরিষ্কার-পরিচ্ছন্ন রাখার বিষয়ে সিদ্ধান্ত গৃহীত হয়। এ ছাড়া মশক নিধন ও ডেঙ্গু প্রতিরোধ কার্যক্রম গতিশীল করতে সংশ্লিষ্ট বিভিন্ন মন্ত্রণালয়, বিভাগ ও সংস্থাগুলোর মধ্যে প্রশাসনিক সমন্বয় জোরদারের তাগিদ দেওয়া হয়।
উক্ত সভায় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন স্বাস্থ্যমন্ত্রী সরদার মো. সাখাওয়াত হোসেন, স্বাস্থ্য প্রতিমন্ত্রী ড. এম এ মুহিত, স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় প্রতিমন্ত্রী মীর শাহে আলম, প্রধানমন্ত্রীর বিশেষ সহকারী শাকিরুল ইসলাম খান, ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের প্রশাসক আব্দুস সালাম এবং ঢাকা উত্তর সিটি করপোরেশনের প্রশাসক শফিকুল ইসলাম খান মিল্টন। এছাড়াও সংশ্লিষ্ট মন্ত্রণালয়ের সচিব ও উর্ধ্বতন কর্মকর্তারা এতে অংশ নেন।

আপনার মতামত দিন