অননুমোদিত কোনো ওয়েবসাইট, অ্যাপ, ফেসবুক পেজ বা থার্ড পার্টির মাধ্যমে ট্রেনের টিকিট কিনে প্রতারিত কিংবা আর্থিক ক্ষতির শিকার হলে তার কোনো দায়ভার নেবে না বাংলাদেশ রেলওয়ে। যাত্রীদের সতর্ক থাকার পরামর্শ দিয়ে সংস্থাটি কেবল নিজস্ব অনুমোদিত মাধ্যম থেকেই টিকিট কেনার আহ্বান জানিয়েছে।
সম্প্রতি বাংলাদেশ রেলওয়ের অফিসিয়াল ওয়েবসাইটে প্রকাশিত এক বিশেষ সতর্কবার্তায় তথ্যটি নিশ্চিত করা হয়।
বিজ্ঞপ্তিতে জানানো হয়, ট্রেনের অনলাইন টিকিট ক্রয়ের জন্য কেবল বাংলাদেশ রেলওয়ের অফিশিয়াল ই-টিকিটিং ওয়েবসাইট (https://eticket.railway.gov.bd), 'রেল সেবা' অ্যাপ কিংবা রেলওয়ে স্টেশনগুলোর অনুমোদিত কাউন্টার ব্যবহার করতে হবে। অননুমোদিত কোনো মাধ্যমে টিকিট কিনতে গিয়ে কেউ আর্থিক ক্ষতি, প্রতারণা, ব্যক্তিগত তথ্য চুরি কিংবা অ্যাকাউন্ট সাময়িক ব্লক হওয়ার মতো সমস্যার সম্মুখীন হলে রেলওয়ে কর্তৃপক্ষ তার দায়িত্ব বহন করবে না।
প্রতারণা এড়াতে যাত্রীদের পাসওয়ার্ড, ওটিপি (OTP), জাতীয় পরিচয়পত্রের (NID) তথ্যসহ যেকোনো ব্যক্তিগত ও গোপনীয় তথ্য অন্য কারো সঙ্গে শেয়ার না করার কঠোর নির্দেশনা দেওয়া হয়েছে।
নিরাপদ ও সুশৃঙ্খল ট্রেন ভ্রমণ নিশ্চিত করতে যেকোনো অননুমোদিত ব্যক্তি, ফেসবুক পেজ বা অসাধু মাধ্যমের ফাঁদে না পড়ে সর্বদা অফিশিয়াল মাধ্যম ব্যবহারের জন্য সাধারণ যাত্রীদের প্রতি অনুরোধ জানিয়েছে বাংলাদেশ রেলওয়ে।
মাতুভূমি/এসএফ

আপনার মতামত দিন