এসএসসি পরীক্ষায় দুই বিষয়ে অকৃতকার্য হওয়া শিক্ষার্থীদের জন্য ১৫ দিনের মধ্যে আবারও পরীক্ষা নেওয়া হবে বলে জানিয়েছেন শিক্ষামন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন। আজ মঙ্গলবার (১৩ অক্টোবর) দুপুরে বগুড়ার পল্লী উন্নয়ন একাডেমির (আরডিএ) মিলনায়তনে ৪৯তম বিসিএস (সাধারণ শিক্ষা) ক্যাডারে নতুন নিয়োগপ্রাপ্ত ৬৫১ জন কর্মকর্তার ওরিয়েন্টেশন অনুষ্ঠানের উদ্বোধন শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন।
শিক্ষামন্ত্রী বলেন, "অকৃতকার্য হওয়ার ধারাবাহিকতা বছরের পর বছর চলতে দেওয়া হবে না। শিক্ষার্থীদের বারবার পরীক্ষা দেওয়া বা অযথা সময় নষ্টের সুযোগ আর রাখবে না সরকার। যারা সাধারণ শিক্ষা ধারায় এগোতে পারবে না, তাদের কারিগরি শিক্ষার সঙ্গে যুক্ত করা হবে।"
ঝরে পড়া শিক্ষার্থীদের ভবিষ্যৎ নিশ্চিত করতে সরকার সর্বোচ্চ চেষ্টা চালাচ্ছে উল্লেখ করে ড. মিলন জানান, কোনো শিক্ষার্থী যেন পড়াশোনায় পিছিয়ে না পড়ে, সে জন্য প্রয়োজনীয় সব পদক্ষেপ নেওয়া হবে।
শিক্ষার্থীদের নীতি-নৈতিকতা প্রসঙ্গে শিক্ষামন্ত্রী বলেন, "বর্তমানে সমাজে নৈতিকতার চরম অবক্ষয় দেখা দিয়েছে। এই পরিস্থিতি থেকে বেরিয়ে আসা জরুরি। প্রধানমন্ত্রী তারেক রহমানের নির্দেশনায় চতুর্থ শ্রেণি থেকেই বিদ্যালয়ে সাংস্কৃতিক চর্চা, খেলাধুলা ও নৈতিক শিক্ষার ওপর বিশেষ জোর দেওয়া হচ্ছে।"
তিনি আরও যোগ করেন, একটি নতুন প্রজন্মকে সুনাগরিক হিসেবে গড়ে তুলতে এই কার্যক্রম শুরু হয়েছে। ইতোমধ্যে প্রাথমিক ও মাধ্যমিক স্তরে ক্রীড়া প্রতিযোগিতা শুরু হয়েছে। পাশাপাশি ‘প্রধানমন্ত্রী গোল্ডকাপ’ ফুটবল টুর্নামেন্ট চালুর উদ্যোগ নেওয়া হয়েছে, যাতে পড়াশোনা ও খেলাধুলার সুষম সমন্বয়ে শিক্ষাপ্রতিষ্ঠানগুলোতে আবার উৎসবমুখর পরিবেশ ফিরে আসে।
মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগের ভারপ্রাপ্ত সচিব ড. সরদার কেরামত আলীর সভাপতিত্বে অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে বক্তব্য দেন বগুড়া-৬ আসনের সংসদ সদস্য রেজাউল করিম বাদশা, আরডিএ-র মহাপরিচালক আব্দুল মজিদ এবং শিক্ষামন্ত্রীর সহধর্মিণী নাজমুন নাহার বেবী।
মাতুভূমি/এসএফ

আপনার মতামত দিন