হোম / বিশ্ব / মালয়েশিয়ায় অভিযান: ১৯৯ বাংলাদেশিসহ ৬৩০ অভিবাস...
বিশ্ব

মালয়েশিয়ায় অভিযান: ১৯৯ বাংলাদেশিসহ ৬৩০ অভিবাসী আটক

আন্তর্জাতিক ডেস্ক
১৪ অক্টোবর, ২০২৬ | ১১:০৯ পূর্বাহ্ন
৬৩ বার পঠিত
ফন্ট:

মালয়েশিয়ার কেদাহ রাজ্যের কুলিম এলাকায় এক বিশাল অভিযানে ১৯৯ জন বাংলাদেশিসহ মোট ৬৩০ জন বিদেশি নাগরিককে আটক করেছে দেশটির অভিবাসন বিভাগ। সোমবার (১২ অক্টোবর) সকাল ১১টার দিকে কুলিমের পাডাং মেহা অঞ্চলের একটি নির্মাণস্থলে ‘অপস মেগা’ নামে এই যৌথ অভিযান পরিচালিত হয়।

মঙ্গলবার (১৩ অক্টোবর) সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া এক পোস্টে কেদাহ ইমিগ্রেশন ডিরেক্টর মোহাম্মদ রিদজুয়ান মোহাম্মদ জেইন এ তথ্য নিশ্চিত করেন।

তিনি জানান, কেদাহ, পেরলিস, পেরাক, কুয়ালালামপুর এবং নেগ্রি সেম্বিলানের ইমিগ্রেশন কার্যালয় ও সদর দপ্তরের ১৫৯ জন কর্মকর্তা এই অভিযানে অংশ নেন। অভিযানকালে নির্মাণস্থলে থাকা মোট ৬৯৭ জন ব্যক্তির কাগজপত্র যাচাই-বাছাই করা হয়।

জিজ্ঞাসাবাদ ও তল্লাশি শেষে ১৮ থেকে ৫০ বছর বয়সী ৬৩০ জন বিদেশিকে আটক করা হয়, যাদের মধ্যে ৬২২ জন পুরুষ ও ৮ জন নারী। আটককৃতদের মধ্যে সর্বোচ্চ ৩৯৬ জন চীনের নাগরিক। দ্বিতীয় সর্বোচ্চ ১৯৯ জন বাংলাদেশি ছাড়াও ১০ জন পাকিস্তানি, ৭ জন মিয়ানমারের, ৫জন ভারতীয়, ৪জন ঘানার, ৩জন নাইজেরিয়ার, ২জন কেনিয়ার, ২জন ইন্দোনেশিয়ার, ১জন নিউজিল্যান্ডের এবং ১জন সেনেগালের নাগরিক রয়েছেন।

ইমিগ্রেশন ডিরেক্টর জানান, বৈধ ভ্রমণ নথি না থাকা, অতিরিক্ত সময় অবস্থান করা এবং ভিসার শর্ত লঙ্ঘনের অপরাধে ১৯৫৯/৬৩ সালের অভিবাসন আইনের ধারা ৬(১)(সি), ১৫(১)(সি) এবং ১৯৬৩ সালের অভিবাসন প্রবিধানের ৩৯(বি)-এর অধীনে তাদের গ্রেপ্তার করা হয়েছে। এছাড়া ঘটনার বিষয়ে অধিকতর তদন্তের জন্য আরও ছয়জনকে সাক্ষী হিসেবে তলব করা হয়েছে।

উদ্ধার ও আটক অভিযান পরিচালনা করতে গিয়ে কর্মকর্তাদের নানা প্রতিকূলতার মুখোমুখি হতে হয়েছে উল্লেখ করে রিদজুয়ান বলেন, ভারী বৃষ্টির কারণে পুরো এলাকা কর্দমাক্ত ও পিচ্ছিল হয়ে পড়েছিল। অসমাপ্ত ভবনের লিফট খাদ, বেরিয়ে থাকা রড ও ভারী যন্ত্রপাতির কারণে ঝুঁকি থাকলেও কর্মীরা দক্ষতার সঙ্গে পরিস্থিতি সামাল দেন। তা ছাড়া কিছু বিদেশি নাগরিক ভবনের ছাদে উঠে বা বিপজ্জনক স্থানে লুকিয়ে পালানোর চেষ্টা করে এবং ইমিগ্রেশন কর্মীদের বিরুদ্ধে উস্কানিমূলক আচরণ করে উত্তেজনা সৃষ্টির চেষ্টা চালায়।

দেশটিতে অবস্থানরত নিয়োগকর্তা, প্রধান ঠিকাদার ও উপ-ঠিকাদারদের সতর্ক করে ইমিগ্রেশন বিভাগ জানিয়েছে, বিদেশি কর্মীদের বৈধ কাগজপত্র ও পাস থাকা বাধ্যতামূলক। দেশের আইন সুসংহত করতে এবং অবৈধ অভিবাসন রুখতে এ ধরনের চিরুনি অভিযান আরও জোরদার করা হবে।

 

 

 

মাতুভূমি/এসএফ

আ
আন্তর্জাতিক ডেস্ক

প্রতিবেদক

আপনার মতামত দিন

ফটো কার্ড ডাউনলোড করুন
News Image
dailymatribhumi.com
logo
+