ফেসবুকে মহানবী হযরত মোহাম্মদ (সা.)-কে নিয়ে কটূক্তি করার অভিযোগে মৃত্যুদণ্ডপ্রাপ্ত এক শ্রীলঙ্কান যুবকের সাজা বাতিল করেছে সৌদি আরবের সুপ্রিম কোর্ট। বুধবার শ্রীলঙ্কার উপপররাষ্ট্রমন্ত্রী অরুন হেমাচন্দ্র এ তথ্য নিশ্চিত করেছেন।
সংবাদমাধ্যমের প্রতিবেদন অনুযায়ী, গত জুলাই মাসে অঞ্জন শিবারাসা নামের ওই শ্রীলঙ্কান যুবককে গ্রেপ্তার করে সৌদি পুলিশ। সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে একটি ভিডিওর কমেন্টবক্সে তামিল ভাষায় মহানবীকে নিয়ে কটূক্তিমূলক মন্তব্য করার স্ক্রিনশট তার চাকরিদাতা ও প্রশাসনের হাতে পৌঁছানোর পর এই আইনি পদক্ষেপ নেওয়া হয়।
বিবিসির প্রতিবেদনে বলা হয়, হিন্দুদের একটি মিছিলে এক মুসলিম ব্যক্তির আচরণসংক্রান্ত একটি ভিডিওর নিচে অন্য এক ব্যবহারকারী হিন্দু দেবীকে নিয়ে আপত্তিকর মন্তব্য করেন। সেই কমেন্টের জবাবেই অঞ্জন শিবারাসা নবীজিকে নিয়ে কটূক্তি করেন। যদিও দ্রুতই তিনি কমেন্টটি ড মুছে ফেলেন, তবে তার আগেই কেউ এর স্ক্রিনশট সংগ্রহ করে তার কর্মস্থলে পৌঁছে দেন। পরে চাকরিদাতার অভিযোগের ভিত্তিতে পুলিশ তাকে আটক করে মোবাইল ফোন জব্দ করে।
প্রাথমিকভাবে আল-আহসার একটি আদালত তাকে ৫ বছরের কারাদণ্ড ও ৩০ লাখ রিয়াল জরিমানা করেছিলেন। তবে গত ১৭ সেপ্টেম্বর প্রসিকিউটররা আপিল করে মামলাটিকে সাইবার অপরাধ আইনের পরিবর্তে শরিয়া আইনে বিচার করার আবেদন জানান। এর ফলে তার সাজা বাড়িয়ে মৃত্যুদণ্ডে রূপান্তর করা হয়।
রায় ঘোষণার পর যুবকের মা ছেলের প্রাণভিক্ষা চান এবং শ্রীলঙ্কা সরকারও কূটনৈতিকভাবে সৌদি কর্তৃপক্ষের সঙ্গে যোগাযোগ শুরু করে। মায়ের আকুতি ও সরকারের প্রচেষ্টার ফলেই তাকে মৃত্যুদণ্ড থেকে রেহাই দেওয়া হয়েছে বলে ধারণা করা হচ্ছে। তবে তার নতুন সাজা কী হবে, সে বিষয়ে এখনো চূড়ান্ত কিছু জানানো হয়নি।
শ্রীলঙ্কান আইনজীবী ফাইজার মুস্তাফা, যিনি বিষয়টি নিয়ে সৌদি সরকারের সঙ্গে কাজ করছেন, বিবিসি সিনহালাকে নিশ্চিত করেছেন যে অঞ্জনের মৃত্যুদণ্ড বাতিল করা হয়েছে। তবে আদালত তাকে নতুন করে কী দণ্ড দিয়েছেন, তা জানার চেষ্টা চলছে বলে জানান তিনি।
সূত্র: বিবিসি
মাতুভূমি/এসএফ

আপনার মতামত দিন