পাকিস্তানের খাইবার পাখতুনখোয়া প্রদেশের রাজধানী পেশোয়ারের একটি বেসরকারি স্কুলে মর্মান্তিক দুর্ঘটনা ঘটেছে। ক্লাস চলাকালীন বিদ্যালয়ের ছাদ ধসে অন্তত ২৭ জন শিক্ষার্থী এবং একজন শিক্ষক নিহত হয়েছেন। সংবাদমাধ্যম দ্য ডন-এর এক প্রতিবেদন থেকে এ তথ্য জানা গেছে।
বৃহস্পতিবার (১৫ অক্টোবর) সকালে এ দুর্ঘটনা ঘটে। পেশোয়ারের লেডি রিডিং হাসপাতালের মুখপাত্র মোহাম্মদ আসিম জানান, নিহত শিক্ষার্থীদের সবার বয়সই ১৩ বছরের নিচে।
এ দুর্ঘটনায় আহত অন্তত ৪০ জন বর্তমানে হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। ছাদ ধসে পড়ার সুনির্দিষ্ট কারণ এখনো জানা যায়নি। ফায়ার সার্ভিস ও জরুরি সেবা বাহিনীর সদস্যরা দ্রুত ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার অভিযান শুরু করেছেন।
ধ্বংসস্তূপের নিচে আরও অনেকে আটকা পড়ে থাকতে পারেন বলে আশঙ্কা করা হচ্ছে। ফলে নিহতের সংখ্যা আরও বাড়তে পারে বলে ধারণা করা হচ্ছে।
প্রাদেশিক গভর্নর ফয়সাল করিম কুন্দি এ ঘটনায় গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন। একই সাথে ধসের সঠিক কারণ অনুসন্ধানে দ্রুত তদন্তের নির্দেশ দিয়েছেন তিনি।
মাতুভূমি/এসএফ

আপনার মতামত দিন