হোম / বিশ্ব / তরুণদের সরকারবিরোধী ঝড়ে কাঁপছে বিশ্ব, নজর এবা...
বিশ্ব

তরুণদের সরকারবিরোধী ঝড়ে কাঁপছে বিশ্ব, নজর এবার ভারতের দিকে

আন্তর্জাতিক ডেস্ক
১৭ অক্টোবর, ২০২৬ | ০১:১১ অপরাহ্ন
৯১ বার পঠিত
ফন্ট:
বিশ্বের বিভিন্ন দেশে সরকারবিরোধী আন্দোলনে ক্রমেই মূখ্য নিয়ামক হয়ে উঠছেন জেন-জি বা তরুণ প্রজন্ম।

বিশ্বের বিভিন্ন দেশে সরকারবিরোধী আন্দোলনে ক্রমেই মূখ্য নিয়ামক হয়ে উঠছেন জেন-জি বা তরুণ প্রজন্ম। দুর্নীতি, বৈষম্য, স্বজনপ্রীতি, অর্থনৈতিক সংকট ও নাগরিক অধিকার হরণের বিরুদ্ধে তাঁদের এই সামাজিক প্রতিরোধ অনেক ক্ষেত্রেই বড় ধরনের রাজনৈতিক অভ্যুত্থান ও সরকার পতনে রূপ নিচ্ছে। শ্রীলঙ্কা ও বাংলাদেশের পর নেপাল এবং মাদাগাস্কারে তরুণদের হাত ধরে ঘটে যাওয়া ক্ষমতার পালাবদলের পর এবার সেই জেন-জি জোয়ারের উত্তাপ ছড়িয়ে পড়ছে ভারতেও।

শ্রীলঙ্কা থেকে বাংলাদেশের রাজপথ:
২০২২ সালে শ্রীলঙ্কায় চরম অর্থনৈতিক সংকট ও প্রশাসনিক অব্যবস্থাপনার বিরুদ্ধে জেন-জি তরুণদের গড়ে তোলা ‘আরাগালয়া’ (সংগ্রাম) আন্দোলনের মুখে প্রেসিডেন্ট গোতাবায়া রাজাপাকসে দেশ ছেড়ে পালিয়ে যেতে বাধ্য হন। এর দুই বছর পর ২০২৪ সালে বাংলাদেশে সরকারি চাকরিতে কোটা সংস্কারকে কেন্দ্র করে শুরু হওয়া শিক্ষার্থী আন্দোলন একপর্যায়ে নজিরবিহীন গণঅভ্যুত্থানে রূপ নেয়। জাতিসংঘের তথ্যমতে, প্রাণঘাতী সংঘাত ও দীর্ঘ রক্তক্ষয়ী আন্দোলনের পর ৫ আগস্ট শেখ হাসিনা পদত্যাগ করে ভারতে আশ্রয় নিলে ক্ষমতার পটপরিবর্তন ঘটে।

নেপাল ও মাদাগাস্কারের পালাবদল:
দক্ষিণ এশিয়ার আরেক দেশ নেপালেও সোশ্যাল মিডিয়া বা হঠকারী সিদ্ধান্তের প্রতিবাদে শুরু হওয়া আন্দোলন তীব্র জনরোষে রূপ নেয়। দুর্নীতি ও বৈষম্যের বিরুদ্ধে তরুণদের হিংসাত্মক বিক্ষোভের মুখে পদত্যাগ করতে বাধ্য হন তৎকালীন প্রধানমন্ত্রী কেপি শর্মা অলি। একইভাবে আফ্রিকার দেশ মাদাগাস্কারে ২০২৫ সালের শেষভাগে বিদ্যুৎ ও সুপেয় পানির সংকটকে কেন্দ্র করে ‘আমরা বেঁচে থাকতে চাই, টিকে থাকতে নয়’—এমন স্লোগানে নামা জেন-জি আন্দোলনের মুখে সরকারের পতন ঘটে।

ভারতের রাজনৈতিক অঙ্গনে প্রতিধ্বনি:
সম্প্রতি প্রতিবেশী দেশ ভারতেও রাজনৈতিক স্বচ্ছতা ও ভোটাধিকারের দাবিতে প্রধান নির্বাচন কমিশনারের পদত্যাগের আন্দোলন শুরু করেছে তরুণ সমাজ, যেখানে সমর্থন দিচ্ছে বিরোধী দলগুলোও। এই আন্দোলন দেশটির রাজনীতিতে কতটা সুদূরপ্রসারী প্রভাব ফেলবে, তা এখনো পর্যবেক্ষণে রয়েছে।

বিশ্বজুড়ে এই জেন-জি আন্দোলনের মূল সাধারণ বৈশিষ্ট্য হলো প্রচলিত রাজনৈতিক ব্যবস্থার প্রতি অনাস্থা এবং ডিজিটাল মাধ্যমকে কাজে লাগিয়ে দ্রুত সংগঠিত হওয়া। তরুণরা এখন শুধু পরিবর্তনের দাবি জানিয়েই ক্ষান্ত থাকছে না, বরং রাষ্ট্র পরিচালনা, জবাবদিহি ও বৈশ্বিক রাজনীতির গতিপথ নির্ধারণেও মূল ভূমিকা পালন করছে।

 

 

 

মাতুভূমি/এসএফ

আ
আন্তর্জাতিক ডেস্ক

প্রতিবেদক

আপনার মতামত দিন

ফটো কার্ড ডাউনলোড করুন
News Image
dailymatribhumi.com
logo
+