রাজধানীর আগারগাঁওয়ের বাংলাদেশ শিশু হাসপাতাল ও ইনস্টিটিউট আকস্মিক পরিদর্শনকালে নিজ কক্ষে এক চিকিৎসককে ধূমপান করতে দেখে তীব্র অসন্তোষ প্রকাশ করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। স্বাস্থ্যসেবা প্রতিষ্ঠানের মতো সংবেদনশীল স্থানে এমন অসংবেদনশীল আচরণের জন্য সংশ্লিষ্ট চিকিৎসককে তাৎক্ষণিক বরখাস্তের নির্দেশ দেন তিনি।
আজ শনিবার (১৭অক্টোবর) দুপুরে রাজধানীর শিশু হাসপাতাল পরিদর্শনে যান প্রধানমন্ত্রী। পরিদর্শনকালে তিনি হাসপাতালের বিভিন্ন বিভাগ ঘুরে দেখেন এবং চিকিৎসক ও স্বাস্থ্যকর্মীদের কর্মপরিবেশসহ সার্বিক পরিচ্ছন্নতা পরিস্থিতি নিবিড়ভাবে পর্যবেক্ষণ করেন।
পরিদর্শনের একপর্যায়ে হাসপাতালের সহযোগী অধ্যাপক রফিকুল ইসলামের কক্ষে গিয়ে তাঁকে ধূমপানরত অবস্থায় দেখতে পান প্রধানমন্ত্রী। এ সময় উক্ত চিকিৎসকের কক্ষটি অত্যন্ত অপরিচ্ছন্ন ও বিশৃঙ্খল অবস্থায় ছিল। শিশুদের জন্য নির্ধারিত দেশের শীর্ষস্থানীয় একটি হাসপাতালের ভেতর চিকিৎসকের এমন দায়িত্বজ্ঞানহীন আচরণ ও অপরিচ্ছন্ন পরিবেশ দেখে মারাত্মক ক্ষোভ প্রকাশ করেন সরকারপ্রধান।
ঘটনার পরপরই প্রধানমন্ত্রী তাৎক্ষণিকভাবে হাসপাতালের পরিচালনা বোর্ডের চেয়ারম্যান অধ্যাপক ডা. এ কে এম আজিজুল হককে সংশ্লিষ্ট চিকিৎসকের বিরুদ্ধে কঠোর প্রশাসনিক ব্যবস্থা গ্রহণের নির্দেশ দেন। প্রধানমন্ত্রীর স্পষ্ট নির্দেশনার প্রেক্ষিতে সহযোগী অধ্যাপক রফিকুল ইসলামকে সাময়িক বরখাস্ত করা হয়।
পরিদর্শনকালে শিশু হাসপাতালে সার্বিক স্বাস্থ্যসম্মত পরিবেশ বজায় রাখা, কঠোর পরিচ্ছন্নতা নিশ্চিত করা এবং চিকিৎসকসহ সংশ্লিষ্ট সকল কর্মকর্তা-কর্মচারীকে সর্বোচ্চ দায়িত্বশীলতার সঙ্গে সেবা প্রদানের তাগিদ দেন প্রধানমন্ত্রী।
মাতুভূমি/এসএফ

আপনার মতামত দিন