ফ্রান্সে জীবনযাত্রার ব্যয় বৃদ্ধি ও বিতর্কিত শিক্ষা সংস্কারের দাবিতে চলা বিক্ষোভ তীব্র সহিংসতায় রূপ নিয়েছে। সারা দেশে সংঘর্ষ, ভাঙচুর ও লুটপাটের ঘটনায় মাত্র এক দিনে প্রায় ২ হাজার ৪০০ জনকে গ্রেপ্তার করেছে দেশটির পুলিশ। এ ছাড়া গত এক মাসে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর প্রায় এক হাজার সদস্য আহত হয়েছেন, যাদের মধ্যে সাতজনের অবস্থা আশঙ্কাজনক।
রোববার (১৮ অক্টোবর) ফ্রান্সের স্বরাষ্ট্র মন্ত্রণালয় জানায়, সহিংসতা, পুলিশকে লক্ষ্য করে হামলা, সরকারি সম্পত্তি ধ্বংস এবং জননিরাপত্তা বিঘ্নিত করার অভিযোগে মোট ২ হাজার ৩৯৭ জনকে পুলিশি হেফাজতে নেওয়া হয়েছে।
ফ্রান্সের রিটেইল অ্যান্ড ট্রেড ফেডারেশনের সভাপতি আলেকজান্দ্রে বোম্পার জানিয়েছেন, আন্দোলন চলাকালে দেশজুড়ে প্রায় ১,৫০০টি দোকানপাট ও ব্যবসাপ্রতিষ্ঠান ক্ষতিগ্রস্ত বা লুটপাটের শিকার হয়েছে। ফলে সার্বিক আর্থিক ক্ষতির পরিমাণ দাঁড়াতে পারে শত কোটি ইউরোতে।
বিক্ষোভের নামে এমন ধ্বংসাত্মক কর্মকাণ্ডের কঠোর নিন্দা জানিয়েছেন ফরাসি প্রেসিডেন্ট এমানুয়েল ম্যাক্রোঁ। জাতির উদ্দেশে দেওয়া এক ভাষণে তিনি বলেন, আন্দোলনের অজুহাতে ভাঙচুর ও লুটপাট চালিয়ে শহর ধ্বংসের কোনো অজুহাত গ্রহণযোগ্য নয়। দাঙ্গাকারীদের বিরুদ্ধে কঠোর আইনি ব্যবস্থা নেওয়ার পাশাপাশি ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীদের সরকারি সহায়তার আশ্বাস দেন তিনি।
জীবনযাত্রার চড়া মূল্য ও শিক্ষা ব্যবস্থার নতুন সংস্কারের প্রতিবাদে শনিবার (১৭ অক্টোবর) হাজার হাজার মানুষ রাজপথে নামলে দেশজুড়ে চরম অস্থিরতার সৃষ্টি হয়, যা পরবর্তীতে দাঙ্গায় রূপ নেয়।
মাতুভূমি/এসএফ

আপনার মতামত দিন