হোম / বিশ্ব / আসামে দুই দিনে ১ হাজারের বেশি মুসলিম পরিবার উ...
বিশ্ব

আসামে দুই দিনে ১ হাজারের বেশি মুসলিম পরিবার উচ্ছেদ

আন্তর্জাতিক ডেস্ক
১৯ অক্টোবর, ২০২৬ | ০১:২১ অপরাহ্ন
১০০ বার পঠিত
ফন্ট:
ভারতের আসামে রাজ্য সরকারের পরিচালিত অভিযানের অংশ হিসেবে মাত্র দুই দিনে এক হাজারের বেশি মুসলিম পরিবারকে উচ্ছেদ করা হয়েছে।

ভারতের আসামে রাজ্য সরকারের পরিচালিত অভিযানের অংশ হিসেবে মাত্র দুই দিনে এক হাজারের বেশি মুসলিম পরিবারকে উচ্ছেদ করা হয়েছে। রাজ্যটির নগাঁও, গোলাঘাট ও হোজাই জেলায় চালানো এই অভিযানে উচ্ছেদ হওয়া পরিবারগুলোর অধিকাংশই বাঙালি মুসলিম।

রোববার অভিযানের দ্বিতীয় দিনে নগাঁও জেলার লুটুমারি লংজাপ সংরক্ষিত বনাঞ্চল এলাকায় সরকারি জমিতে অবৈধ দখলের অভিযোগ তুলে ছয় শতাধিক পরিবারের বসতবাড়ি গুঁড়িয়ে দেয় বনাঞ্চল কর্তৃপক্ষ। এর আগের দিন শনিবার কড়া নিরাপত্তার মধ্যে নগাঁও, হোজাই ও গোলাঘাট জেলায় আরও ৫৪৭টি পরিবারকে উচ্ছেদ করা হয়।

বনাঞ্চল কর্তৃপক্ষের দাবি, উচ্ছেদ হওয়া পরিবারগুলো প্রায় ৩০০ হেক্টরের বেশি সংরক্ষিত বনভূমি অবৈধভাবে দখল করে বাস করছিল।

তবে ভারতের সংবাদমাধ্যম 'স্ক্রল'-এর প্রতিবেদন অনুযায়ী, স্থানীয় বাসিন্দারা অবৈধ দখলের অভিযোগ অস্বীকার করেছেন। তাদের দাবি, ব্রিটিশ ও পরবর্তী আমলের বিশেষ বনায়ন কর্মসূচির আওতায় সরকারই তাদের পূর্বপুরুষদের ওই স্থানে বসতি গড়ার সুযোগ দিয়েছিল। উচ্ছেদ হওয়া বাসিন্দা আবদুল নূর জানান, ১৯৭৪ সালে ভূমিহীন পরিবার হিসেবে তাদের সেখানে জমি বরাদ্দ দেওয়া হয়েছিল।

এছাড়া উচ্ছেদ অভিযানে প্রায় ৫০ বছরের পুরোনো কয়েকটি মসজিদসহ ১০টিরও বেশি মসজিদ গুঁড়িয়ে দেওয়া হয়েছে বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়। সামাজিক ও মানবাধিকার সংগঠনগুলো ভূমিহীন প্রান্তিক এসব জনগোষ্ঠীর ওপর এমন অভিযান বন্ধের জোর দাবি জানিয়েছে।

 

 

 

মাতুভূমি/এসএফ

আ
আন্তর্জাতিক ডেস্ক

প্রতিবেদক

আপনার মতামত দিন

ফটো কার্ড ডাউনলোড করুন
News Image
dailymatribhumi.com
logo
+