প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে সাক্ষাৎ করে মুক্তিযুদ্ধবিষয়ক প্রতিমন্ত্রীর পদ থেকে স্বেচ্ছায় অব্যাহতি চেয়েছেন বলে জানিয়েছেন ঢাকা-৬ আসনের সংসদ সদস্য ইশরাক হোসেন। তিনি দাবি করেছেন, সাম্প্রতিক মাদকবিরোধী অভিযানে তিনি আইনগত বা নৈতিকভাবে কোনো ভুল করেননি। তবে তাঁর কর্মকাণ্ডকে কেন্দ্র করে যেন সরকারের সার্বিক সাফল্য ম্লান না হয়, সে বিষয়টি বিবেচনায় নিয়েই তিনি প্রতিমন্ত্রীর দায়িত্ব ছেড়েছেন এবং প্রধানমন্ত্রী তাঁর আবেদনে সম্মতি দিয়েছেন।
সোমবার (১৯ অক্টোবর) দুপুরে জাতীয় প্রেসক্লাবে আয়োজিত এক সংবাদ সম্মেলনে ইশরাক হোসেন এসব কথা জানান। সংবাদ সম্মেলনে তিনি মন্ত্রিসভা থেকে পদত্যাগের বিষয়ে নিজের অবস্থান আনুষ্ঠানিকভাবে তুলে ধরেন।
ইশরাক হোসেন বলেন, "আজ প্রধানমন্ত্রীর সঙ্গে আলোচনা করেছি। তাঁকে বলেছি, আমি পদত্যাগ করতে চাই। আমার কারণে যেন সরকারের কোনো কর্মকাণ্ড ম্লান না হয়। তবে সংসদ সদস্য হিসেবে আমার এলাকায় মাদকবিরোধী অভিযান ও অন্যান্য জনকল্যাণমূলক কাজ আগের মতোই চলমান থাকবে।"
তিনি আরও জানান, আজ থেকে মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রীর দায়িত্ব থেকে অব্যাহতির জন্য প্রধানমন্ত্রীর কাছে আবেদন জানিয়েছেন এবং প্রধানমন্ত্রী তাতে সদয় সম্মতি দিয়েছেন।
এর আগে গত রোববার রাতে একাধিক গণমাধ্যমে ইশরাককে পদত্যাগের নির্দেশ দেওয়ার খবর প্রকাশিত হলে তিনি সেটিকে 'গুজব' বলে উড়িয়ে দিয়েছিলেন। তবে সোমবার দুপুরে সংবাদ সম্মেলন ডেকে স্বেচ্ছায় অব্যাহতির ঘোষণা দিয়ে সেই জল্পনার অবসান ঘটান।
সংবাদ সম্মেলন চলাকালে প্রেসক্লাবে দলীয় নেতাকর্মীদের ব্যাপক ভিড় ও কিছুটা বিশৃঙ্খলা দেখা দিলে ইশরাক নিজেই মাইকে সবাইকে কক্ষের বাইরে অবস্থান নেওয়ার অনুরোধ জানান। তিনি পুনর্ব্যক্ত করেন, মন্ত্রী পদে না থাকলেও ঢাকা-৬ আসন ও এর আশপাশের এলাকায় জনজীবনের নানা সমস্যা সমাধান ও মাদক নির্মূলে তিনি মাঠে সক্রিয় থাকবেন।
মাতুভূমি/এসএফ

আপনার মতামত দিন