আজ শারদীয় দুর্গোৎসবের মহানবমীতে ঢাকার বাইরে বিভিন্ন পূজামণ্ডপ পরিদর্শনে রংপুরের পথে রওনা হয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। মঙ্গলবার (২০ অক্টোবর) সকাল পৌনে ৯টায় তেজগাঁও বিমানবন্দর থেকে সামরিক বিমানে যাত্রা করেন তিনি। একই দিনে রাজশাহী ও চট্টগ্রামের পূজামণ্ডপ পরিদর্শন শেষে রাতেই তাঁর ঢাকায় ফেরার কথা রয়েছে।
প্রধানমন্ত্রীর প্রেস সচিব সালেহ শিবলী জানান, প্রধানমন্ত্রী প্রথমে রংপুরের রাধা গোবিন্দ মন্দিরের ধর্মসভা পূজামণ্ডপ পরিদর্শন করবেন এবং সেখানে পূজারি ও পুণ্যার্থীদের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করবেন। সরকারের নীতি পুনর্ব্যক্ত করে তিনি বলেন, "ধর্ম যার যার, নিরাপত্তা পাওয়ার অধিকার সবার।" হিন্দু সম্প্রদায়ের দুর্গাপূজা সুষ্ঠুভাবে সম্পন্ন করতে এবার সরকার প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার পাশাপাশি পূজার বরাদ্দ ও ছুটি বাড়িয়েছে।
প্রধানমন্ত্রীর এই সফরে তাঁর সঙ্গে রয়েছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায়, মহিলা ও শিশুবিষয়ক মন্ত্রী অধ্যাপক এ জেড এম জাহিদ হোসেন, বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব রুহুল কবির রিজভী, সংস্কৃতিমন্ত্রী নিতাই রায় চৌধুরী, স্থানীয় সরকার প্রতিমন্ত্রী মীর শাহে আলম, প্রধানমন্ত্রীর উপদেষ্টা রেহান আসিফ আসাদ, বিশেষ সহকারী বিজন কান্তি সরকার, বিএনপির বিশেষ সম্পাদক বেলায়েত হোসেন মৃধা, সংসদ সদস্য ও হিন্দু ধর্মীয় কল্যাণ ট্রাস্টের সহসভাপতি নিপুণ রায় চৌধুরী, বিএনপির সহকারী সাংগঠনিক সম্পাদক জয়ন্ত কুমার কুন্ড, প্রেস সচিব সালেহ শিবলী এবং অতিরিক্ত প্রেস সচিব আতিকুর রহমান রুমন।
সংক্ষিপ্ত কর্মসূচি
সকাল ১০:০০ টা: সৈয়দপুর বিমানবন্দর থেকে রংপুরের রাধা গোবিন্দ মন্দিরের ধর্মসভা পূজামণ্ডপ পরিদর্শন।
দুপুর ১২:৩০ টা: রাজশাহীর শাহ মখদুম বিমানবন্দরের উদ্দেশে যাত্রা।
দুপুর ১:১৫ মিনিট: রাজশাহীর ধর্মসভা মন্দিরের পূজামণ্ডপ পরিদর্শন।
দুপুর ২:১৫ মিনিট: রাজশাহী সার্কিট হাউসে যাত্রাবিরতি।
বিকাল ৩:০০ টা: হাজী মুহাম্মদ মুহসীন সরকারি উচ্চ বিদ্যালয় মাঠে জনসভায় যোগদান।
বিকাল ৪:১৫ মিনিট: চট্টগ্রামের উদ্দেশে যাত্রা।
বিকাল ৫:৩০ মিনিট: চট্টগ্রামের রহমতগঞ্জের জেএম সেন হল পূজামণ্ডপ পরিদর্শন।
সন্ধ্যা ৬:৪৫ মিনিট: চট্টগ্রাম সার্কিট হাউসে যাত্রাবিরতি।
রাত ৯:১৫ মিনিট: তেজগাঁও বিমানবন্দরে ঢাকায় প্রত্যাবর্তন।
মাতুভূমি/এসএফ

আপনার মতামত দিন