বিশ্ব অস্টিওপোরোসিস দিবস-২০২৬ উপলক্ষ্যে ‘অস্টিওপোরোসিস: প্রতিরোধযোগ্য মহামারি’ শীর্ষক এক বৈজ্ঞানিক সেমিনারের আয়োজন করেছে ডক্টরস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (ড্যাব)। আগামীকাল বুধবার বেলা ১১টায় রাজধানীর বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয়ের (বিএমইউ) সুপার স্পেশালাইজড হাসপাতাল ভবনের কনভেনশন হলে এ সেমিনার অনুষ্ঠিত হবে।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে যোগ দেবেন জিয়াউর রহমান ফাউন্ডেশনের ভাইস প্রেসিডেন্ট ডা. জুবাইদা রহমান।
ড্যাবের সভাপতি অধ্যাপক ডা. হারুন আল রশিদের সভাপতিত্বে অনুষ্ঠিতব্য এ সেমিনারে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থাকবেন স্বাস্থ্য ও পরিবারকল্যাণ মন্ত্রী সরদার মো. সাখাওয়াত হোসেন, প্রতিমন্ত্রী ডা. মোহাম্মদ আবদুল মুহিত এবং বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও ড্যাবের প্রধান উপদেষ্টা অধ্যাপক ডা. ফরহাদ হালিম ডোনার।
অস্টিওপোরোসিস দিবস উদযাপন উপকমিটির আহ্বায়ক অধ্যাপক ডা. শেখ ফরহাদ এবং আয়োজন কমিটির সদস্যসচিব অধ্যাপক ডা. মো. সিরাজুস সালেহীনের সার্বিক তত্ত্বাবধানে সেমিনারে মূল বৈজ্ঞানিক আলোচনার পাশাপাশি বিশেষজ্ঞদের অংশগ্রহণে প্যানেল আলোচনা, প্রশ্নোত্তর পর্ব ও কুইজ অনুষ্ঠিত হবে।
প্যানেল আলোচনায় অংশ নেবেন অধ্যাপক ডা. এরফানুল হক সিদ্দিকী, অধ্যাপক ডা. ফারুক কাশেম, অধ্যাপক ডা. সৈয়দ আকরাম হোসেন, অধ্যাপক ডা. শামীম আহমেদ, ডা. শেখ ফরিদ আহমেদ এবং অধ্যাপক মোহাম্মদ বেলালুল ইসলাম।
উল্লেখ্য, প্রতিবছর ২০ অক্টোবর বিশ্বজুড়ে হাড়ের ক্ষয়জনিত রোগ অস্টিওপোরোসিস সম্পর্কে সচেতনতা বাড়াতে দিবসটি পালন করা হয়। এই রোগে আক্রান্ত হলে হাড় দুর্বল ও ভঙ্গুর হয়ে পড়ে এবং হাড় ভেঙে যাওয়ার ঝুঁকি বহুগুণ বেড়ে যায়। ‘আজীবন হাড় গড়ুন, সুরক্ষা দিন ও শক্তিশালী করুন’ প্রতিপাদ্যে আয়োজিত এবারের কর্মসূচিতে বৈজ্ঞানিক সহযোগিতা দিচ্ছে ইনসেপ্টা।
মাতুভূমি/এসএফ

আপনার মতামত দিন