যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের উত্তরসূরি হওয়ার দৌড়ে এগিয়ে যেতে চাইছেন ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্স। রিপাবলিকান পার্টির হয়ে মধ্যবর্তী নির্বাচনের প্রচারে তার বাড়তি তৎপরতা নতুন করে এ সম্ভাবনা জোরালো করেছে।
বিশ্লেষকদের ধারণা, আগামী ২০২৮ সালের প্রেসিডেন্ট নির্বাচনে রিপাবলিকান পার্টির মনোনয়ন পাওয়ার লক্ষ্যেই মাঠ গোছাচ্ছেন ভ্যান্স। বিভিন্ন অঙ্গরাজ্যে প্রচার চালিয়ে তিনি দলীয় নেতা-কর্মীদের সঙ্গে সম্পর্ক গড়ে তুলছেন।
সম্প্রতি ভ্যান্স ইঙ্গিত দিয়েছিলেন, তিনি প্রেসিডেন্ট নির্বাচনে প্রার্থী হলে ট্রাম্প তাকে সমর্থন দিতে পারেন। এর একদিন পর ট্রাম্পকে এ বিষয়ে প্রশ্ন করা হলে তিনি বলেন, ভ্যান্স অত্যন্ত মেধাবী ও ভালো মানুষ। তবে এ নিয়ে দুজনের মধ্যে কখনো আলোচনা হয়েছে কি না, তা নিশ্চিত করেননি ট্রাম্প।
মধ্যবর্তী নির্বাচনে ভ্যান্সের বাড়তি তৎপরতা
যুক্তরাষ্ট্রের কংগ্রেসের মধ্যবর্তী নির্বাচন সামনে রেখে রিপাবলিকান প্রার্থীদের পক্ষে প্রচার চালাচ্ছেন ভ্যান্স। আইওয়া, ফ্লোরিডা, টেক্সাস, আলাস্কা, জর্জিয়া, মিশিগান ও নিজের জন্মস্থান ওহাইওতে সমাবেশ করেছেন তিনি।
প্রেসিডেন্ট ট্রাম্পের জনপ্রিয়তা কমতে থাকায় প্রতিনিধি পরিষদ ও সিনেটে সংখ্যাগরিষ্ঠতা ধরে রাখা রিপাবলিকানদের জন্য কঠিন হয়ে উঠেছে। এ পরিস্থিতিতে ভ্যান্সের প্রচারাভিযান দলীয় প্রার্থীদের সহায়তার পাশাপাশি তার নিজের রাজনৈতিক ভবিষ্যতের জন্যও গুরুত্বপূর্ণ বলে মনে করছেন বিশ্লেষকেরা।
জর্জ ওয়াশিংটন বিশ্ববিদ্যালয়ের রাজনৈতিক ইতিহাসবিদ ম্যাথিউ ডালেকের মতে, ভ্যান্স ট্রাম্পের ‘মেক আমেরিকা গ্রেট এগেইন’ বা ম্যাগা আন্দোলনের সমর্থকদের কাছে নিজের গ্রহণযোগ্যতা বাড়াতে চাইছেন।
সাবেক রিপাবলিকান কৌশলবিদ রিক উইলসনের মতে, ভ্যান্স এখন থেকেই বিভিন্ন অঙ্গরাজ্যের নেতা ও কংগ্রেস নির্বাচনের প্রার্থীদের সঙ্গে সম্পর্ক তৈরি করছেন। ভবিষ্যতে প্রেসিডেন্ট নির্বাচনের প্রচার শুরু করলে এসব সম্পর্ক তার কাজে লাগতে পারে।
মাতুভূমি/এএইচ

আপনার মতামত দিন