হোম / বিশ্ব / যুক্তরাষ্ট্রে বিশ্ববিদ্যালয়ের কাছে গুলিতে ৬ শ...
বিশ্ব

যুক্তরাষ্ট্রে বিশ্ববিদ্যালয়ের কাছে গুলিতে ৬ শিশুসহ আহত ১২

আন্তর্জাতিক ডেস্ক
২৫ অক্টোবর, ২০২৬ | ০১:৩১ অপরাহ্ন
৭২ বার পঠিত
ফন্ট:

যুক্তরাষ্ট্রের ফ্লোরিডা অঙ্গরাজ্যের টালাহাসিতে একটি বিশ্ববিদ্যালয়ের ফুটবল স্টেডিয়ামের কাছে গুলিবর্ষণের ঘটনায় ছয় শিশুসহ অন্তত ১২ জন আহত হয়েছেন। শনিবার (২৪ অক্টোবর) রাতে এ ঘটনা ঘটে।

বার্তা সংস্থা অ্যাসোসিয়েটেড প্রেস (এপি) ও সিএনএনের প্রতিবেদন অনুযায়ী, ফ্লোরিডা এঅ্যান্ডএম বিশ্ববিদ্যালয়ের হোমকামিং উৎসব উপলক্ষে আয়োজিত ফুটবল ম্যাচের কয়েক ঘণ্টা পর এ ঘটনা ঘটে। টালাহাসি পুলিশের প্রধান লরেন্স রেভেল জানিয়েছেন, এ ঘটনায় এখন পর্যন্ত কাউকে গ্রেফতার করা হয়নি।

সংঘর্ষের পর গুলিবর্ষণ

পুলিশের প্রাথমিক তদন্তে ধারণা করা হচ্ছে, কয়েকজনের মধ্যে বিরোধ ও সংঘর্ষের জেরে গুলিবর্ষণের ঘটনা ঘটে। ফুটবল ম্যাচ শেষে জনাকীর্ণ এলাকায় এ ঘটনা ঘটে বলে জানিয়েছে পুলিশ। পুলিশের তথ্য অনুযায়ী, আহতদের মধ্যে ১১ জনের শরীরে গুলির ক্ষত রয়েছে। আহত ব্যক্তিদের মধ্যে ছয়জন শিশু-কিশোর। তাদের একজনের বয়স ১১ বছর।

আহতদের মধ্যে একজনের অবস্থা আশঙ্কাজনক। গুরুতর আহত হয়েছেন আরও তিনজন। অন্য আটজনের অবস্থা স্থিতিশীল বলে জানিয়েছে পুলিশ। গুলিবর্ষণের সময় পালাতে গিয়ে এক আহত ব্যক্তির দাদিও আঘাত পেয়েছেন। আহত ব্যক্তিদের একজন ফ্লোরিডা এঅ্যান্ডএম বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী।

ফুটবল ম্যাচের পর ঘটনা

ফ্লোরিডা এঅ্যান্ডএম বিশ্ববিদ্যালয়ের ব্র্যাগ মেমোরিয়াল স্টেডিয়ামে শনিবার ফুটবল ম্যাচ অনুষ্ঠিত হয়। এতে আরকানসাস–পাইন ব্লাফ গোল্ডেন লায়ন্সের কাছে ৩১–২৮ পয়েন্টে হারে স্বাগতিক ফ্লোরিডা এঅ্যান্ডএম র‍্যাটলার্স। ম্যাচ শেষ হওয়ার কয়েক ঘণ্টা পর স্টেডিয়ামের কাছাকাছি এলাকায় গুলিবর্ষণের ঘটনা ঘটে। তবে ফুটবল ম্যাচের সঙ্গে এই ঘটনার সরাসরি কোনো যোগসূত্র রয়েছে কি না, তা এখনো নিশ্চিত হওয়া যায়নি।

পুলিশপ্রধান লরেন্স রেভেল বলেন, দুই থেকে তিনজনের মধ্যে বিরোধ থেকে ঘটনাটি শুরু হয়ে থাকতে পারে। ঘটনার তদন্ত করছে পুলিশের সহিংস অপরাধবিষয়ক ইউনিট। তিনি জানান, ঘটনাস্থলে গোয়েন্দা কর্মকর্তা, তদন্তকারী দল ও ফরেনসিক বিশেষজ্ঞরা কাজ করছেন। কী ঘটেছিল এবং কারা এর জন্য দায়ী, তা শনাক্ত করার চেষ্টা চলছে।

ক্যাম্পাস নিরাপদ, তদন্ত চলছে

ফ্লোরিডা এঅ্যান্ডএম বিশ্ববিদ্যালয় সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া এক বিবৃতিতে জানায়, ২৪ অক্টোবর সন্ধ্যায় ক্যাম্পাসের কাছে পেরি স্ট্রিট এলাকায় এ ঘটনা ঘটে। বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ জানায়, পুলিশ ঘটনাস্থলে রয়েছে এবং তদন্ত চালাচ্ছে। ক্যাম্পাস নিরাপদ রয়েছে বলেও বিবৃতিতে উল্লেখ করা হয়।

তবে তদন্তের স্বার্থে সাধারণ মানুষকে ঘটনাস্থল এড়িয়ে চলার পরামর্শ দিয়েছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। আহত ব্যক্তিদের ও তাদের পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছে বিশ্ববিদ্যালয়। ঘটনার কারণ এবং এর সঙ্গে জড়িত ব্যক্তিদের শনাক্ত করতে পুলিশের তদন্ত চলছে।

 

মাতুভূমি/এএইচ

আ
আন্তর্জাতিক ডেস্ক

প্রতিবেদক

আপনার মতামত দিন

ফটো কার্ড ডাউনলোড করুন
News Image
dailymatribhumi.com
logo
+