হোম / খেলাধুলা / এমবাপ্পের জোড়া গোলে ক্যাম্প ন্যুতে বার্সার জয়...
খেলাধুলা

এমবাপ্পের জোড়া গোলে ক্যাম্প ন্যুতে বার্সার জয়রথ থামাল রিয়াল

স্পোর্টস ডেস্ক
২৬ অক্টোবর, ২০২৬ | ১২:৩৩ অপরাহ্ন
৮২ বার পঠিত
ফন্ট:
রোববার (২৫ অক্টোবর) অনুষ্ঠিত এই হাইভোল্টেজ ম্যাচে সব প্রতিযোগিতা মিলিয়ে টানা দ্বিতীয় হারের তেতো স্বাদ পেল বার্সেলোনা। এর আগে গত মঙ্গলবার চ্যাম্পিয়নস লিগে পিএসজির মাঠে ৪-২ গোলে হেরেছিল স্প্যানিশ চ্যাম্পিয়নরা।

ক্যাম্প ন্যুতে বার্সেলোনার জয়যাত্রা থামালেন কিলিয়ান এমবাপ্পে। ফরাসি তারকার জোড়া গোলে মৌসুমের প্রথম এল ক্লাসিকোয় স্বাগতিক বার্সেলোনাকে ২-১ গোলে হারিয়ে দিয়েছে রিয়াল মাদ্রিদ। লা লিগায় টানা ৯ ম্যাচ জয়ের পর এটি বার্সার প্রথম হার; একই সঙ্গে ঘরের মাঠে তাদের টানা ২৩ জয়ের রেকর্ডও ভেঙে গেল।

রোববার (২৫ অক্টোবর) অনুষ্ঠিত এই হাইভোল্টেজ ম্যাচে সব প্রতিযোগিতা মিলিয়ে টানা দ্বিতীয় হারের তেতো স্বাদ পেল বার্সেলোনা। এর আগে গত মঙ্গলবার চ্যাম্পিয়নস লিগে পিএসজির মাঠে ৪-২ গোলে হেরেছিল স্প্যানিশ চ্যাম্পিয়নরা।

ম্যাচের শুরু থেকেই বল দখলে আধিপত্য বিস্তার করে খেলেছে বার্সেলোনা। ম্যাচে মোট ৬২ শতাংশ সময় বল নিজেদের দখলে রেখে গোলের জন্য ১৮টি শট নেয় তারা, যার মধ্যে ৬টি ছিল লক্ষ্যে। অন্যদিকে রিয়াল ১০টি শট নিয়ে ৫টি লক্ষ্যে রাখতে সক্ষম হয়।

বল দখলে এগিয়ে থাকলেও সুযোগ কাজে লাগাতে ব্যর্থ হয় বার্সা। উল্টো ম্যাচের ৪১ মিনিটে রক্ষণভাগের ভুলের খেসারত দিতে হয় স্বাগতিকদের। ইয়ান দিওমান্দের ক্রস ক্লিয়ার করতে গেলে বল এমবাপ্পের পায়ে লেগে জালে জড়ায়। বার্সার বিপক্ষে ১১ ম্যাচে এটি এমবাপ্পের ১৩তম গোল। পিছিয়ে পড়ার পর সমতায় ফেরার সুযোগ হাতছাড়া করেন লামিনে ইয়ামাল। প্রথমার্ধের যোগ করা সময়ে ব্যবধান বাড়ানোর সুযোগ পেয়েও রিয়াল তা কাজে লাগাতে পারেনি। ফলে ১-০ ব্যবধানে এগিয়ে থেকে বিরতিতে যায় তারা।

দ্বিতীয়ার্ধে আরও আক্রমণাত্মক হয়ে ওঠে বার্সেলোনা। ম্যাচের ৬১ মিনিটে সেই আক্রমণের সুফলও পায় তারা। পেদ্রির বাড়ানো বল বক্সে পেয়ে নিখুঁত শটে গোল করে সমতা ফেরান রাফিনিয়া। চলতি লা লিগায় ৯ ম্যাচে এটি তাঁর ১৩তম গোল। সমতায় ফেরার পর ৬৫ মিনিটে জেরার্দ মার্তিনের হেড দুর্দান্তভাবে রুখে দেন রিয়ালের বদলি গোলরক্ষক আন্দ্রে লুনিন। থিবো কোর্তোয়ার অনুপস্থিতিতে সুযোগ পেয়ে দারুণ নৈপুণ্য দেখান তিনি।

তবে ম্যাচের ভাগ্য নির্ধারিত হয় শেষ মুহূর্তে এসে। ৮৭ মিনিটে এদুয়ার্দো কামাভিঙ্গার পাস থেকে বল পেয়ে ডি-বক্সে ঢুকে ফাঁকা জালে বল পাঠান এমবাপ্পে। এই গোলের সুবাদেই রিয়ালের হয়ে ১১৬ ম্যাচে নিজের শততম গোল পূর্ণ করেন ফরাসি তারকা। এছাড়া এল ক্লাসিকোয় এটি তাঁর সপ্তম ম্যাচে অষ্টম গোল। একবিংশ শতাব্দীতে এল ক্লাসিকোর প্রথম সাত ম্যাচে এর চেয়ে বেশি গোল আর কোনো খেলোয়াড় করতে পারেননি।

এই জয়ে ১০ ম্যাচে ২৪ পয়েন্ট নিয়ে তালিকার তিন নম্বরে অবস্থান করছে রিয়াল মাদ্রিদ। ২৫ পয়েন্ট নিয়ে দুইয়ে আতলেতিকো মাদ্রিদ এবং ২৭ পয়েন্ট নিয়ে শীর্ষে রয়েছে বার্সেলোনা। রিয়ালের এই জয়ে পয়েন্ট টেবিলে শীর্ষ দলগুলোর ব্যবধান আরও কমে এল। এছাড়া রিয়ালের ডাগআউটে দ্বিতীয় মেয়াদে ফিরে ১৩ বছর পর এল ক্লাসিকোর প্রথম ম্যাচেই জয়ের দেখা পেলেন কোচ হোসে মরিনিয়ো।

 

 

মাতুভূমি/এসএফ

স
স্পোর্টস ডেস্ক

প্রতিবেদক

আপনার মতামত দিন

ফটো কার্ড ডাউনলোড করুন
News Image
dailymatribhumi.com
logo
+