দেশজুড়ে গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে ৬ জনের মৃত্যু হয়েছে। এর মধ্য দিয়ে চলতি বছরের ১৫ মার্চ থেকে এ পর্যন্ত হাম ও এর উপসর্গে মোট প্রাণহানি ১ হাজার ২৩৩ জনে দাঁড়িয়েছে। সোমবার (২৬ অক্টোবর) স্বাস্থ্য অধিদপ্তরের হামবিষয়ক নিয়মিত প্রতিবেদনে এই তথ্য জানানো হয়েছে।
স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় শুধু ঢাকা বিভাগেই হামের উপসর্গ নিয়ে ৩ জনের মৃত্যু হয়েছে। এছাড়া ময়মনসিংহ, বরিশাল ও খুলনা বিভাগে একজন করে আরও ৩ জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে ১৫ মার্চ থেকে এ পর্যন্ত হাম ও এর উপসর্গে মোট মৃত্যুর সংখ্যা দাঁড়াল ১ হাজার ২৩৩ জনে। যার মধ্যে নিশ্চিত হামে ১০৪ জন এবং হামের উপসর্গ নিয়ে ১ হাজার ১২৯ জনের মৃত্যু হয়েছে।
এদিকে গত একদিনে নতুন করে ১ হাজার ৪৬৬ জনের শরীরে হাম ও এর উপসর্গ দেখা গেছে। এর মধ্যে ১ হাজার ৩৮৮ জন সন্দেহভাজন এবং ৭৮ জন নিশ্চিত হামে আক্রান্ত রোগী। সব মিলিয়ে গত ১৫ মার্চ থেকে এ পর্যন্ত মোট সন্দেহভাজন হাম রোগীর সংখ্যা বেড়ে ২ লাখ ২২ হাজার ৫৫২ জনে এবং নিশ্চিত আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে ২৩ হাজার ৪৭৮ জনে।
অন্যদিকে ১৫ মার্চ থেকে ২৬ অক্টোবর পর্যন্ত সারা দেশের বিভিন্ন হাসপাতালে হাম সন্দেহে ১ লাখ ৯৭ হাজার ৯৯৯ জন রোগী ভর্তি হয়েছেন। একই সময়ে চিকিৎসাসেবা নিয়ে সুস্থ হয়ে হাসপাতাল ছেড়েছেন ১ লাখ ৯০ হাজার ৩৬ জন।

আপনার মতামত দিন