জাতীয় সংসদের সংরক্ষিত নারী আসনের উপনির্বাচনে বিএনপির প্রার্থী এলিজা জামানের মনোনয়নপত্র বাছাইয়ে বৈধ ঘোষণা করা হয়েছে। তিনি এই আসনে একক প্রার্থী হওয়ায় শেষ পর্যন্ত বিনা প্রতিদ্বন্দ্বিতায় বিজয়ী হতে যাচ্ছেন।
মঙ্গলবার (২৭ অক্টোবর) মনোনয়নপত্র বাছাই শেষে নির্বাচন কমিশনের (ইসি) যুগ্ম সচিব ও সংশ্লিষ্ট নির্বাচনের রিটার্নিং কর্মকর্তা মো. মঈন উদ্দীন খান তার আবেদনটি বৈধ বলে ঘোষণা করেন।
এর আগে গত সোমবার রিটার্নিং কর্মকর্তার কার্যালয়ে নিজের মনোনয়নপত্র জমা দেন এলিজা জামান। তিনি বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য এবং পিরোজপুর জেলা বিএনপির প্রথম যুগ্ম আহ্বায়ক হিসেবে দায়িত্ব পালন করছেন।
বিষয়টি নিশ্চিত করে রিটার্নিং কর্মকর্তা মো. মঈন উদ্দীন খান জানান, মনোনয়নপত্র জমা দেওয়ার নির্ধারিত শেষ দিন পর্যন্ত কেবল এলিজা জামানের আবেদনই জমা পড়েছিল। বাছাইয়ে তা বৈধ প্রমাণিত হওয়ায় এবং অন্য কোনো প্রতিদ্বন্দ্বী না থাকায় তিনি বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হতে যাচ্ছেন।
ঘোষিত তফসিল অনুযায়ী, প্রার্থিতা প্রত্যাহারের শেষ সময় আগামী ১ নভেম্বর। এই নির্ধারিত সময় অতিবাহিত হওয়ার পর ইসি তাকে আনুষ্ঠানিকভাবে নির্বাচিত ঘোষণা করে প্রজ্ঞাপন জারি করবে।
উল্লেখ্য, রাজধানী মিরপুরের রাড্ডা স্বাস্থ্যকেন্দ্র সংক্রান্ত ঘটনার জেরে গত ১ অক্টোবর বিএনপির সংরক্ষিত নারী আসনের এমপি ফেরদৌসী আহমেদ মিষ্টি পদত্যাগ করলে আসনটি শূন্য ঘোষণা করা হয়।
মাতুভূমি/এসএফ

আপনার মতামত দিন