দেশের সার্বিক পরিস্থিতি নিয়ে তীব্র সমালোচনা করে সরকারের কাছে ভবিষ্যৎ রূপরেখা ও পরিকল্পনা জানতে চেয়েছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) সিনিয়র যুগ্ম আহ্বায়ক নাসীরুদ্দীন পাটওয়ারী। মঙ্গলবার (৩ নভেম্বর) সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে দেওয়া এক পোস্টে তিনি এই মন্তব্য করেন।
ফেসবুক পোস্টে নাসীরুদ্দীন পাটওয়ারী উল্লেখ করেন, নিত্যপণ্যের ঊর্ধ্বগতি, বিদ্যুতের ভূতুড়ে বিল এবং জ্বালানি তেল ও গ্যাসের মূল্যে সাধারণ মানুষের নাভিশ্বাস উঠছে। প্রধানমন্ত্রী তারেক রহমানের পরিকল্পনার অভাব না থাকলেও বাস্তবে সেগুলোর প্রতিফলন নিয়ে তিনি প্রশ্ন তোলেন। সামনে আরও কী ধরনের সিদ্ধান্ত বা চাপ আসছে, তা জনগণকে আগেভাগেই স্পষ্ট করার আহ্বান জানান এই এনসিপি নেতা।
একই সঙ্গে তিনি আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি, জ্বালানি সংকট, সরকারের সমালোচনার জেরে গ্রেপ্তার, মিরাজ শেখের গুম হওয়ার ঘটনা এবং গুমের স্বাধীন তদন্ত নিয়ে উদ্বেগ প্রকাশ করেন। এসব ঘটনা সরকারের ঘোষিত পরিকল্পনার অংশ কি না, তা নিয়েও প্রশ্ন তোলেন তিনি।
এছাড়া গণভোটের আইনি ভিত্তি ও ‘হ্যাঁ’ ভোটের রায় বাস্তবায়ন, তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থার ভবিষ্যৎ রূপরেখা এবং র্যাব বিলুপ্তির প্রতিশ্রুতির বদলে কেবল নাম পরিবর্তন করে ‘এসআরবি’ গঠনের কঠোর সমালোচনা করেন তিনি। নাম ও লোগো পরিবর্তনকে সত্যিকারের সংস্কার না বলে একে প্রতিশ্রুতির সঙ্গে দ্বিচারিতা হিসেবে আখ্যা দেন নাসীরুদ্দীন পাটওয়ারী।
পোস্টের শেষে তিনি প্রশ্ন তোলেন, দেশ আসলে সুনির্দিষ্ট কোনো পরিকল্পনা অনুযায়ী চলছে, নাকি বাস্তবায়নের উপায় না পেয়ে সরকার বাস্তবতা থেকে এড়িয়ে যাওয়ার পথ বেছে নিচ্ছে।
মাতুভূমি/এসএফ

আপনার মতামত দিন