বিমানবন্দরে সরকারি কাজে বাধা প্রদান ও কর্মকর্তাদের সঙ্গে অসদাচরণের অভিযোগে করা মামলায় জামিন পেয়ে কারামুক্ত হয়েছেন সাবেক সংসদ সদস্য ও বীর মুক্তিযোদ্ধা মেজর (অব.) আখতারুজ্জামান।
মঙ্গলবার (৩ নভেম্বর) সকালে ঢাকা কেন্দ্রীয় কারাগার থেকে তিনি মুক্তি পান। কারামুক্তির পর জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় ও বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা তাকে ফুল দিয়ে শুভেচ্ছা জানান। দীর্ঘ দিন পর তার এই মুক্তিতে উপস্থিত নেতাকর্মীদের মধ্যে স্বস্তি ও আনন্দের আমেজ দেখা যায়।
উল্লেখ্য, গত ১ অক্টোবর মদিনা থেকে পরিবারের সদস্যসহ জামায়াতে ইসলামীর ৩৪ জন প্রতিনিধি শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করেন। লাগেজ সংগ্রহ ও জমজমের পানি পাওয়া নিয়ে দেরি হওয়ায় বিমানবন্দরের কর্মকর্তাদের সঙ্গে বাকবিতণ্ডা ও বিশৃঙ্খলার ঘটনা ঘটে। এ ঘটনায় সরকারি কাজে বাধা এবং নিরাপত্তা কর্মকর্তাকে লাঞ্ছিত করার অভিযোগে আখতারুজ্জামানসহ কয়েকজনের বিরুদ্ধে মামলা দায়ের করা হয়।
পরদিন ২ অক্টোবর বিকেলে রাজধানীর সেনানিবাস এলাকার বাসা থেকে আখতারুজ্জামানকে গ্রেপ্তার করে ডিবি পুলিশ। বিচারিক আদালতে জামিন আবেদন নামঞ্জুর হওয়ার পর অবশেষে হাইকোর্টের নির্দেশে তিনি জামিনে মুক্তি পেলেন।
মাতুভূমি/এসএফ

আপনার মতামত দিন