মধ্যপ্রাচ্যে জ্বালানি সরবরাহ বিঘ্নিত হওয়ার নতুন আশঙ্কায় আন্তর্জাতিক বাজারে অপরিশোধিত তেলের দাম আবারও বেড়েছে। সৌদি আরবের সর্ববৃহৎ ‘রাস তানুরা’ তেল শোধনাগার লক্ষ্য করে ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র হামলার দাবি করেছে ইয়েমেনের হুথি বিদ্রোহীরা। তাদের এই দাবির পরপরই বিশ্বজুড়ে তেলের বাজারে ঊর্ধ্বমুখী প্রবণতা দেখা যায়।
বার্তা সংস্থা রয়টার্সের প্রতিবেদন অনুযায়ী, বুধবার সকালে আন্তর্জাতিক বাজারে ব্রেন্ট ক্রুডের দাম ব্যারেলপ্রতি ১ দশমিক ৪৮ ডলার বা ১ দশমিক ৩ শতাংশ বেড়ে ১১৫ দশমিক ৩৬ ডলারে দাঁড়ায়। একই সময়ে যুক্তরাষ্ট্রের ওয়েস্ট টেক্সাস ইন্টারমিডিয়েটের (ডব্লিউটিআই) দাম ১ দশমিক ২২ ডলার বা ১ দশমিক ২২ শতাংশ বেড়ে প্রতি ব্যারেল ১০১ দশমিক ১২ ডলারে পৌঁছায়।
মঙ্গলবার ইয়েমেনের হুথি বিদ্রোহীরা দাবি করে, তারা দৈনিক সাড়ে ৫ লাখ ব্যারেল পরিশোধন সক্ষমতাসম্পন্ন সৌদির রাস তানুরা শোধনাগারে হামলা চালিয়েছে। তবে শোধনাগারটিতে বাস্তবেই কোনো ক্ষয়ক্ষতি হয়েছে কি না, সে বিষয়ে সৌদি কর্তৃপক্ষের পক্ষ থেকে এখনো কোনো আনুষ্ঠানিক বিবৃতি দেওয়া হয়নি।
এর আগে মঙ্গলবার মধ্যপ্রাচ্যে কূটনৈতিক আলোচনার ইতিবাচক খবরে বাজার কিছুটা শান্ত হয়েছিল। সেসময় ব্রেন্ট ক্রুডের দাম কমে ব্যারেলপ্রতি ১১৩ দশমিক ৮৮ ডলারে এবং ডব্লিউটিআইয়ের দাম ৯৯ দশমিক ৯০ ডলারে নেমে আসে। কিন্তু শোধনাগারে নতুন করে হামলার খবরে জ্বালানি সরবরাহ নিয়ে আবার চরম উদ্বেগ তৈরি হয়েছে।
মাতুভূমি/এসএফ

আপনার মতামত দিন