স্পেনের রাজধানী মাদ্রিদের দক্ষিণে দুটি যাত্রীবাহী ট্রেনের মুখোমুখি সংঘর্ষে নিহতের সংখ্যা বৃদ্ধি পেয়ে ৪৬ জনে দাঁড়িয়েছে। আঞ্চলিক সরকারের এক কর্মকর্তার বরাত দিয়ে আন্তর্জাতিক সংবাদমাধ্যম ইন্ডিয়া টুডে এই মর্মান্তিক দুর্ঘটনার খবর প্রকাশ করেছে।
স্থানীয় সময় বুধবার সকাল ৯টার কিছু পর এই দুর্ঘটনা ঘটে। আঞ্চলিক সরকারের মুখপাত্র জানিয়েছেন, দুর্ঘটনার সময় উভয় ট্রেনে মোট পাঁচ শতাধিক যাত্রী ভ্রমণ করছিলেন। উদ্ধার অভিযান অব্যাহত থাকায় হতাহতের সংখ্যা আরও বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।
এদিকে মর্মান্তিক এই ট্রেন দুর্ঘটনায় গভীর শোক প্রকাশ করেছেন স্পেনের প্রধানমন্ত্রী পেদ্রো সানচেজ। তিনি এক প্রতিক্রিয়ায় জানান, এই গুরুতর দুর্ঘটনায় তিনি গভীরভাবে মর্মাহত এবং সার্বিক পরিস্থিতি সম্পর্কে নিয়মিত খোঁজখবর নিতে তিনি পরিবহন মন্ত্রীর সঙ্গে নিরবচ্ছিন্ন যোগাযোগ রক্ষা করছেন।
দেশটির রেল অবকাঠামো পরিচালনা সংস্থা ‘আদিফ’ জানিয়েছে, মাদ্রিদ থেকে সেভিলগামী রেলপথে রেনফে (Renfe) কোম্পানির একটি ট্রেনের সঙ্গে ইরিয়ো (Iryo) কোম্পানির আরেকটি ট্রেনের এই সংঘর্ষ ঘটে। দুর্ঘটনার পর নিরাপত্তার স্বার্থে ওই রেলপথে ট্রেন চলাচল সাময়িকভাবে স্থগিত রাখা হয়েছে এবং বিভিন্ন গন্তব্যের ট্রেনগুলোকে নিকটস্থ স্টেশনে থামিয়ে দেওয়া হয়েছে।
স্পেনের জরুরি সেবার একজন মুখপাত্র বার্তা সংস্থা এএফপিকে জানান, দুর্ঘটনাস্থলে বর্তমানে তীব্র গতিতে উদ্ধারকাজ চলছে। পরিস্থিতি মোকাবিলায় একাধিক অগ্নিনিভাপক দল, তিনটি উদ্ধারকারী হেলিকপ্টার এবং দুটি ভ্রাম্যমাণ নিবিড় পরিচর্যা কেন্দ্র (আইসিইউ)-সহ প্রয়োজনীয় জরুরি চিকিৎসা সরঞ্জাম ও জনবল ঘটনাস্থলে মোতায়েন করা হয়েছে। তবে এখন পর্যন্ত দুর্ঘটনার সুনির্দিষ্ট কারণ ও ক্ষয়ক্ষতির পূর্ণাঙ্গ বিবরণ জানা যায়নি।
মাতুভূমি/এসএফ

আপনার মতামত দিন