বিশ্বজুড়ে ফুটবলপ্রেমীদের অনলাইন ভোটে প্রথমবারের মতো প্রবর্তিত বিশেষ ‘সর্বকালের ব্যালন ডি’অর’ পুরস্কার জিতেছেন পর্তুগিজ তারকা ক্রিস্টিয়ানো রোনালদো। ম্যানচেস্টার ইউনাইটেডের হয়ে ২০০৮ সালের বর্ণাঢ্য মৌসুমটিকে ফুটবল ইতিহাসের সেরা ব্যক্তিগত মৌসুম হিসেবে বেছে নিয়েছেন সমর্থকেরা।
ফুটবল ইতিহাসের সর্বকালের সেরা খেলোয়াড় কে—এই বিতর্কের মাঝেই নতুন এই স্বীকৃতি চালুর ঘোষণা দেয় স্বনামধন্য সাময়িকী ‘ফ্রান্স ফুটবল’। প্রচলিত নিয়মে আন্তর্জাতিক সাংবাদিকদের প্যানেল ব্যালন ডি’অরের বিজয়ী নির্বাচন করলেও, এই বিশেষ পুরস্কারের ক্ষেত্রে সরাসরি ভোটাধিকার দেওয়া হয় বিশ্বজুড়ে ছড়িয়ে থাকা সমর্থকদের। শুধু একাধিকবার ব্যালন ডি’অর জয়ী কিংবদন্তি ফুটবলারদের বিভিন্ন মৌসুমই এই তালিকায় মনোনয়ন পেয়েছিল। অবশ্য ভোটপ্রক্রিয়ায় স্বচ্ছতা ও উৎসাহ ধরে রাখতে ১ ইউরো ফি নির্ধারণ করা হয়েছিল, সঙ্গে বিজয়ীদের জন্য ছিল ২০২৭ সালের ব্যালন ডি’অর অনুষ্ঠানের দুটি টিকিট জেতার সুযোগ।
ভোটাভুটিতে তীব্র লড়াইয়ের পর দীর্ঘদিনের প্রতিদ্বন্দ্বী লিওনেল মেসিকে অল্প ব্যবধানে পেছনে ফেলেন রোনালদো। ২০১২ সালে ক্লাব ও জাতীয় দলের হয়ে রেকর্ড ৯১ গোল করে ইতিহাস গড়া মেসির সেই মৌসুমের চেয়ে ভক্তরা ২০০৮ সালে রোনালদোর প্রথম ব্যালন ডি’অর জয়ের মৌসুমকে এগিয়ে রাখেন। প্রকাশিত শীর্ষ তালিকার ১২টি স্থানের পুরোটাই নিজেদের দখলে রেখেছেন রোনালদো ও মেসি। কেবল ব্রাজিলের কিংবদন্তি রোনালদো নাজারিও ২০০২ সালের মৌসুমের সুবাদে তাদের আধিপত্য ভেঙে ১৩তম স্থান দখল করতে পেরেছেন।
সর্বকালের ব্যালন ডি’অরের চূড়ান্ত শীর্ষ তালিকা:
১. ক্রিস্টিয়ানো রোনালদো — ২০০৮
২. লিওনেল মেসি — ২০১২
৩. ক্রিস্টিয়ানো রোনালদো — ২০১৭
৪. লিওনেল মেসি — ২০২৩
৫. ক্রিস্টিয়ানো রোনালদো — ২০১৬
৬. ক্রিস্টিয়ানো রোনালদো — ২০১৪
৭. লিওনেল মেসি — ২০১৫
৮. ক্রিস্টিয়ানো রোনালদো — ২০১৩
৯. লিওনেল মেসি — ২০১১
১০. লিওনেল মেসি — ২০০৯
মাতুভূমি/এসএফ

আপনার মতামত দিন