যুক্তরাষ্ট্রের নিউইয়র্কে বিশ্বখ্যাত নিলাম প্রতিষ্ঠান সোথেবির আয়োজনে ৫৫০ কোটি টাকারও বেশি (৪ কোটি ৭৩ লাখ ডলার) মূল্যে বিক্রি হয়েছে ‘জোডি’ নামের একটি বিরল ডাইনোসরের কঙ্কাল। কঙ্কালটি কিনতে আগ্রহ দেখিয়েছিলেন মোট ছয়জন ক্রেতা। দীর্ঘ ১২ মিনিট ধরে চলা তুমুল দরকষাকষির পর এটি বিক্রি হলেও ক্রেতার পরিচয় গোপন রাখা হয়েছে।
প্রায় ১০ ফুট বা ৩ মিটার উচ্চতার এই কঙ্কালটিতে প্রায় ১৯১টি জীবাশ্ম হাড়ের অংশ রয়েছে, যার মাথার খুলিটি প্রায় সম্পূর্ণ অক্ষত অবস্থায় সংরক্ষিত আছে।
বিজ্ঞানীদের গবেষণায় এই কঙ্কালের এক অনন্য পরিচয় বেরিয়ে এসেছে। শুরুতে এটিকে বিখ্যাত ‘টাইরানোসরাস রেক্স’ বা ‘টি-রেক্স’-এর কিশোর বয়সের কঙ্কাল বলে মনে করা হলেও, পরবর্তীতে গবেষণায় নিশ্চিত হওয়া যায় এটি ‘ন্যানোটির্যানাস’ নামের একটি সম্পূর্ণ স্বতন্ত্র গণের ডাইনোসর। প্রায় ৬ কোটি ৭০ লাখ বছর আগে পৃথিবীতে বিচরণকারী এই মাংসাশী ডাইনোসর আকৃতিতে ছোট ও সরু হলেও এর দাঁত ছিল ব্লেডের মতো ধারালো।
যুক্তরাষ্ট্রের মন্টানা অঙ্গরাজ্যের একটি খামারে জোডি পিয়ারসন এই কঙ্কালটি আবিষ্কার করেন এবং জীবাশ্মবিদ ক্লেটন ফিপস এটি খনন করে উদ্ধার করেন। বিজ্ঞানীদের কাছে ন্যানোটির্যানাসের এ পর্যন্ত মাত্র তিনটি কঙ্কাল পরিচিত রয়েছে। স্বতন্ত্র গণ হিসেবে নিশ্চিত হওয়ার পর এই প্রথম কোনো ন্যানোটির্যানাসের কঙ্কাল নিলামে উঠল বলে জানিয়েছে সোথেবি।
এই বিক্রির মাধ্যমে ‘জোডি’ এখন পর্যন্ত নিলামে বিক্রি হওয়া বিশ্বের দ্বিতীয় সর্বোচ্চ দামি ডাইনোসরের জীবাশ্মের স্থান দখল করল। এর আগে ‘গাস’ নামের একটি টি-রেক্স ৫ কোটি ১০ লাখ ডলারে এবং ‘এপেক্স’ নামের একটি স্টেগোসরাস ৪ কোটি ৪৬ লাখ ডলারে বিক্রি হয়েছিল।

আপনার মতামত দিন