দেশে ডেঙ্গুর সংক্রমণ ও মৃত্যুর হার অব্যাহত রয়েছে। গত ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে আক্রান্ত হয়ে আরও ৬ জনের মৃত্যু হয়েছে। একই সময়ে নতুন করে হাসপাতালে ভর্তি হয়েছেন ১ হাজার ৮৮৬ জন রোগী।
বৃহস্পতিবার (২৯ অক্টোবর) স্বাস্থ্য অধিদপ্তরের ডেঙ্গুবিষয়ক নিয়মিত সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়। এতে গত বুধবার সকাল ৮টা থেকে আজ বৃহস্পতিবার সকাল ৮টা পর্যন্ত ২৪ ঘণ্টার তথ্য তুলে ধরা হয়েছে।
বিজ্ঞপ্তির তথ্য অনুযায়ী, চলতি বছর ডেঙ্গুতে আক্রান্ত হয়ে মারা যাওয়া মানুষের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৪১৫ জনে। এর মধ্যে শুধু অক্টোবর মাসেই মারা গেছেন ১৫৫ জন। এর আগে চলতি বছরের সেপ্টেম্বরে ১৪৮ জন, আগস্টে ৪৩ জন, জুলাইয়ে ৩৬ জন, জুনে ১৩ জন, মে মাসে ১ জন এবং জানুয়ারি ও ফেব্রুয়ারি মাসে ২ জন করে মারা যান।
নতুন আক্রান্তদের নিয়ে চলতি বছরে ডেঙ্গুতে মোট আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে ১ লাখ ৩২ হাজার ১০৫ জনে। এর মধ্যে সুস্থ হয়ে হাসপাতাল ছেড়েছেন ১ লাখ ২৫ হাজার ৪৩৯ জন। বর্তমানে দেশের বিভিন্ন হাসপাতালে চিকিৎসাধীন আছেন ৬ হাজার ২৫১ জন রোগী।
গত ২৪ ঘণ্টায় বিভাগওয়ারী ভর্তির চিত্রে দেখা যায়, সবচেয়ে বেশি ডেঙ্গু রোগী ভর্তি হয়েছে ঢাকা বিভাগে—৭৫৫ জন। এছাড়া চট্টগ্রাম বিভাগে ২৭২ জন, খুলনায় ২৬৪ জন, বরিশালে ২২৯ জন, রাজশাহীতে ১৮৮ জন, ময়মনসিংহে ৮৯ জন, রংপুরে ৭৮ জন এবং সিলেটে ১১ জন রোগী হাসপাতালে ভর্তি হয়েছেন।
বিশেষজ্ঞরা ডেঙ্গু সংক্রমণ রোধে এডিস মশার বংশবিস্তার রোধ এবং চারপাশ পরিষ্কার-পরিচ্ছন্ন রাখার পাশাপাশি জ্বর অনুভূত হলেই দ্রুত চিকিৎসকের পরামর্শ নেওয়ার আহ্বান জানিয়েছেন।
মাতুভূমি/এসএফ

আপনার মতামত দিন