সৌদি আরবের রিয়াদে সোফা তৈরির কারখানায় ভয়াবহ অগ্নিকাণ্ডে প্রাণ হারানো বাকি সাত বাংলাদেশি শ্রমিকের মরদেহ দেশে পৌঁছেছে। শনিবার (৩১অক্টোবর) সকাল সাড়ে ৮টায় বিমান বাংলাদেশ এয়ারলাইনসের ‘বিজি-৩৩৬’ ফ্লাইটে মরদেহগুলো হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে নিয়ে আসা হয়।
বিমানবন্দরের প্রয়োজনীয় আইনি ও প্রাতিষ্ঠানিক আনুষ্ঠানিকতা শেষে মরদেহগুলো স্বজনদের কাছে হস্তান্তর করা হবে। এরপর দাফনের জন্য তা পাঠানো হবে নিহতদের গ্রামের বাড়ি নওগাঁ ও নাটোরে।
নিহত সাতজন হলেন— নওগাঁ সদর উপজেলার মো. শাহিন, আত্রাই উপজেলার মো. হাসিবুল হাসান শুভ, মিনহাজ প্রামাণিক, মো. মাসিদুল সরদার সজিব ও মো. সাগর আলী এবং নাটোরের নলডাঙ্গা উপজেলার মোহাম্মদ শামীম ও মো. সাব্বির হোসেন।
গত ৯ আগস্ট রিয়াদের ওই সোফা কারখানায় অগ্নিকাণ্ডে মোট ১৬জন বাংলাদেশি শ্রমিক নিহত হন। অগ্নিকাণ্ডের পর প্রথম দফায় ২৭ আগস্ট নয়জনের মরদেহ দেশে আনা সম্ভব হলেও এ সাতজনের দেহ মারাত্মকভাবে পুড়ে যাওয়ায় তাৎক্ষণিকভাবে পরিচয় শনাক্ত করা যায়নি। পরবর্তীতে ডিএনএ (DNA) পরীক্ষার মাধ্যমে তাদের পরিচয় নিশ্চিত করা হয়।
দূতাবাস সূত্রে জানা যায়, রিয়াদ থেকে বিমান চলাচল সাময়িকভাবে বন্ধ থাকায় মরদেহগুলো প্রথমে সড়কপথে জেদ্দায় নেওয়া হয়। পরে জেদ্দার কিং আবদুল আজিজ আন্তর্জাতিক বিমানবন্দর থেকে বিমান বাংলাদেশ এয়ারলাইনসের মাধ্যমে ঢাকায় পাঠানো হয়।
মাতুভূমি/এসএফ

আপনার মতামত দিন