বিশ্ব ফুটবলের সবচেয়ে মর্যাদাপূর্ণ ব্যক্তিগত পুরস্কার ‘ব্যালন ডি’অর’। প্রতি বছর এই পুরস্কারকে ঘিরে বিশ্বজুড়ে ফুটবলপ্রেমীদের মধ্যে যে উন্মাদনা তৈরি হয়, এবার ঠিক তেমনই একটি জমকালো আয়োজনের পরিকল্পনা করছে আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিল (আইসিসি)। ফুটবলের মতো ক্রিকেটেও বৈশ্বিক আকর্ষণ তৈরি করতে চাচ্ছে বিশ্ব ক্রিকেটের নিয়ন্ত্রক সংস্থাটি।
ক্রিকেটে আইসিসির বর্ষসেরা পুরস্কারের প্রচলন দীর্ঘদিনের। ২০০৪ সাল থেকে এই স্বীকৃতি দিয়ে আসছে আইসিসি। পরবর্তীতে এর সঙ্গে যুক্ত হয় বর্ষসেরা টি-টোয়েন্টি ক্রিকেটার ও উদীয়মানদের পুরস্কার। তবে এসব আয়োজন এখনো ফুটবলের ব্যালন ডি’অরের মতো সেই ব্যাপক বৈশ্বিক আবেদন তৈরি করতে পারেনি।
সেই চিত্র বদলাতেই বড় পরিসরে এগোচ্ছে আইসিসি। পরিকল্পনা অনুযায়ী, ২০২৫ সালের বর্ষসেরা পুরস্কার ইচ্ছাকৃতভাবেই স্থগিত রাখা হয়েছে। এর মূল উদ্দেশ্য—আয়োজনকে আরও বৃহৎ পরিসরে রূপ দেওয়া। ফলস্বরূপ, ২০২৫ ও ২০২৬ সালের পারফরম্যান্স বিবেচনায় নিয়ে ২০২৭ সালে ব্যালন ডি’অরের আদলে একটি জমকালো আন্তর্জাতিক অনুষ্ঠান আয়োজনের পরিকল্পনা করা হচ্ছে।
আইসিসির এক কর্মকর্তা জানান, ক্রিকেটের পুরস্কার বিতরণী অনুষ্ঠানকে বিশ্বমঞ্চে অনন্য উচ্চতায় নিয়ে যাওয়ার এটিই উপযুক্ত সময়। এতে কেবল ক্রিকেটারদের মূল্যায়নই বাড়বে না, বরং সমর্থকদের মধ্যেও সৃষ্টি হবে তীব্র আলোচনা ও আগ্রহ।
ফুটবলে লিওনেল মেসি ও ক্রিস্টিয়ানো রোনালদোর যুগে ব্যালন ডি’অরকে কেন্দ্র করে সমর্থকদের মধ্যে যে উন্মাদনা ও বিতর্ক দেখা যেত, আইসিসির এই নতুন উদ্যোগের ফলে ক্রিকেটেও কি তেমন আবহ তৈরি হবে—তার উত্তর মিলবে ২০২৭ সালে।

আপনার মতামত দিন