এইচএসসি ও সমমান পরীক্ষায় উত্তীর্ণ সব শিক্ষার্থীই উচ্চশিক্ষায় ভর্তির সুযোগ পাবেন বলে জানিয়েছেন শিক্ষা এবং প্রাথমিক ও গণশিক্ষামন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন। শনিবার (৩১ অক্টোবর) সচিবালয়ে এইচএসসি ও সমমান পরীক্ষার ফলাফল প্রকাশ অনুষ্ঠানে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন।
মন্ত্রী জানান, বিশ্ববিদ্যালয় ও কলেজ মিলিয়ে দেশে প্রায় ১৩ লাখ ৪০ হাজার আসন খালি রয়েছে, যার বিপরীতে এ বছর পাস করেছেন প্রায় সাড়ে ৬ লাখ শিক্ষার্থী। ফলে আসনসংকটের কোনো সুযোগ নেই।
ভর্তির যোগ্যতার বিষয়ে শিক্ষামন্ত্রী স্পষ্ট করেন যে, কোন বিশ্ববিদ্যালয় কী ধরনের মানদণ্ড বজায় রেখে শিক্ষার্থী ভর্তি নেবে, সেটি সংশ্লিষ্ট বিশ্ববিদ্যালয়ের নিজস্ব সিদ্ধান্ত। তবে উত্তীর্ণ সব শিক্ষার্থীর জন্যই উচ্চশিক্ষায় আসন সুনিশ্চিত রয়েছে।
উল্লেখ্য, এবারের এইচএসসি ও সমমান পরীক্ষায় ১১টি শিক্ষা বোর্ডের অধীনে মোট ১২ লাখ ৪০ হাজার ৭৯৮ জন পরীক্ষার্থী অংশ নেন। তাদের মধ্যে উত্তীর্ণ হয়েছেন ৬ লাখ ৪৬ হাজার ৬৮৫ জন, যা শতকরা হিসেবে ৫২ দশমিক ১২ শতাংশ। জিপিএ-৫ পেয়েছেন ৪০ হাজার ৮৪ জন শিক্ষার্থী। গত বছর পাসের হার ছিল ৫৮ দশমিক ৮৩ শতাংশ, সে তুলনায় এবার পাসের হার ৬ দশমিক ৭১ শতাংশ কমেছে।
মাতুভূমি/এসএফ

আপনার মতামত দিন