মেজর লিগ সকারে (এমএলএস) নিয়মিত মৌসুমে পঞ্চম হলুদ কার্ড দেখার পরও ইন্টার মায়ামির পরবর্তী ম্যাচে খেলতে পারছেন আর্জেন্টাইন কিংবদন্তি লিওনেল মেসি। এমএলএসের মাঠের শৃঙ্খলা রক্ষা সংক্রান্ত একটি বিশেষ নিয়মের সুবাদে স্বয়ংক্রিয় নিষেধাজ্ঞা থেকে রক্ষা পেয়েছেন তিনি।
গত বৃহস্পতিবার এফসি সিনসিনাটির বিপক্ষে ২-২ গোলে ড্র হওয়া ম্যাচে খেলার ৪৪তম মিনিটে ফাউল করে রেফারিদের সিদ্ধান্তের প্রতিবাদ জানালে হলুদ কার্ড দেখেন মায়ামি অধিনায়ক। চলতি মৌসুমে এটি তার পঞ্চম হলুদ কার্ড হলেও, লিগের ‘গুড বিহেভিয়ার রুল’ বা ভালো আচরণ সংক্রান্ত বিশেষ বিধানের কারণে স্বস্তি পেয়েছেন তিনি।
এমএলএসের এই নিয়ম অনুযায়ী, কোনো খেলোয়াড় টানা পাঁচ ম্যাচে কোনো ধরনের কার্ড বা শাস্তিমূলক ব্যবস্থা ছাড়াই অংশ নিলে তার নামের পাশে জমা থাকা হলুদ কার্ডের মোট সংখ্যা থেকে একটি কমিয়ে দেওয়া হয়। দীর্ঘ সময় মাঠে শৃঙ্খলা বজায় রাখাকে উৎসাহিত করতেই এই ব্যবস্থা রাখা হয়েছে, যা একজন খেলোয়াড় নিয়মিত মৌসুমে সর্বোচ্চ তিনবার কাজে লাগাতে পারেন। চলতি মৌসুমে মেসি ইতিমধ্যে দুই দফায় এই সুবিধা পাওয়ায় সিনসিনাটির বিপক্ষে কার্ড দেখার পরও তার সক্রিয় হলুদ কার্ডের সংখ্যা এখন তিনে রয়েছে।
ফলে কোনো নিষেধাজ্ঞা ছাড়াই আগামী সোমবার নিউ ইংল্যান্ড রেভল্যুশনের বিপক্ষে মাঠে নামতে পারবেন ৩৯ বছর বয়সী এই ফরোয়ার্ড। নিয়মিত মৌসুমের শেষ পর্যায়ে এসে ইস্টার্ন কনফারেন্সের পয়েন্ট তালিকার তৃতীয় স্থানে থাকা ইন্টার মায়ামির (৩২ ম্যাচে ৫৬ পয়েন্ট) জন্য মাঠে মেসির উপস্থিতি অত্যন্ত গুরুত্বপূর্ণ।

আপনার মতামত দিন