ব্যক্তিগত জীবন বরাবরই প্রচারের আলোর বাইরে রাখতে পছন্দ করেন জনপ্রিয় অভিনেত্রী ও মডেল কুসুম শিকদার। বিয়ে, সংসার কিংবা প্রেমের সম্পর্ক নিয়ে গণমাধ্যমে খুব একটা মুখ না খোলায় তাঁকে ঘিরে ভক্তদের মনে বরাবরই নানা কৌতূহল কাজ করে। সম্প্রতি একটি টেলিভিশন অনুষ্ঠানে ব্যক্তিগত জীবন ও বিয়ে নিয়ে নিজের অবস্থান পরিষ্কার করেছেন এই অভিনেত্রী।
বিয়ে সংক্রান্ত প্রশ্নের জবাবে হাস্যোজ্জ্বল ভঙ্গিতে কুসুম বলেন, "আমি হ্যাপি আছি, আমি স্বাধীন আছি। যারা বারবার জানতে চান কবে বিয়ে করব বা কবে খাওয়াব, তাদের উদ্দেশে বলব—একটু আমার বয়সটা দেখুন! আপনারা আসলে অনেক কিছু মিস করে ফেলেছেন, যেগুলো আপনাদের একটু গবেষণা করে জানা উচিত ছিল।"
ব্যক্তিগত সম্পর্কগুলো প্রকাশ্যে না আনার কারণ ব্যাখ্যা করে অভিনেত্রী বলেন, তিনি কখনোই চান না তাঁর পেশাগত ও ব্যক্তিগত জীবন একাকার হয়ে যাক। তাঁর কাছের মানুষ বা ভালোবাসার মানুষেরা হয়তো সাধারণ মানুষের চেয়ে কম পরিচিত, কিন্তু নিজ নিজ ক্ষেত্রে তারা অত্যন্ত সফল ও তারকা। পরিচিত মুখদের নিয়ে সাধারণের যে ধরনের আলোচনা হয়, তার প্রভাব যেন নিজের কাছের মানুষদের ওপর না পড়ে, সে কারণেই সবকিছু আড়ালে রাখেন তিনি। নিজের ভালো থাকার প্রসঙ্গে কুসুম জানান, তাঁর জীবনের সবচেয়ে গুরুত্বপূর্ণ ও ভালোবাসার পুরুষটি হলেন তাঁর বাবা; যাঁর অবর্তমানে তাঁর নিজের অস্তিত্বই অসম্ভব ছিল।
এ ছাড়া জীবনের নেতিবাচকতা এড়ানোর কৌশল সম্পর্কে তিনি বলেন, একসময় মানুষের মন্তব্যে মানসিক চাপ অনুভব করলেও এখন তিনি বেশ পরিপক্ব। বর্তমানে নেতিবাচক মানুষ ও অপ্রয়োজনীয় পরিবেশ থেকে সচেতনভাবে দূরত্ব বজায় চলেন তিনি। কুসুমের ভাষ্য, "কাউকে নিজের জীবনে প্রবেশের সুযোগ না দিলে সে আর মানসিক চাপ সৃষ্টির সুযোগ পাবে না।"
মাতুভূমি/এসএফ

আপনার মতামত দিন