মোটরসাইকেলের সামনের নম্বরপ্লেট প্রদর্শনের নিয়মে বড় ধরনের পরিবর্তন এনেছে সরকার। নতুন নিয়ম অনুযায়ী, এখন থেকে মোটরসাইকেলের সামনের অংশে রেজিস্ট্রেশন নম্বর এক লাইনে লেখার অনুমতি দিতে পারবে বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষ (বিআরটিএ)। পাশাপাশি প্রতিটি মোটরসাইকেলের নিজস্ব নকশা ও বডি শেপের সঙ্গে সামঞ্জস্য রেখে একাধিক মাপের নম্বরপ্লেট ব্যবহারের অনুমতিও দেওয়া হবে।
রোববার (১ নভেম্বর) এ সংক্রান্ত একটি সংশোধিত বিধিমালা বাংলাদেশ গেজেটে প্রকাশিত হয়েছে। এর আগে গত ২৮ অক্টোবর সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগের বিআরটিএ সংস্থাপন শাখা থেকে এই প্রজ্ঞাপন জারি করা হয়। রাষ্ট্রপতির আদেশক্রমে প্রজ্ঞাপনে স্বাক্ষর করেন উপসচিব আল-আমীন মো. নুরুল ইসলাম।
প্রজ্ঞাপনে জানানো হয়, সড়ক পরিবহন আইন, ২০১৮-এর ১২২ ধারায় প্রদত্ত ক্ষমতাবলে সড়ক পরিবহন বিধিমালা, ২০২২-এর ৩৬ নম্বর বিধি সংশোধন করা হয়েছে। সংশোধিত বিধিমালাটি অবিলম্বে কার্যকর করা হয়েছে।
নতুন বিধিমালা অনুযায়ী, মোটরসাইকেলের সামনের অংশে রেজিস্ট্রেশন নম্বর প্রদর্শনের ক্ষেত্রে প্রচলিত পদ্ধতির পাশাপাশি নম্বরটি এক লাইনে বা আনুভূমিকভাবে লেখার সুযোগ রাখা হয়েছে। এছাড়া যানবাহনের নকশা বিবেচনা করে বিভিন্ন মাপের দৈর্ঘ্য ও প্রস্থবিশিষ্ট বিপরীতমুখী রেট্রো-রিফ্লেক্টিভ প্লেট ব্যবহারের অনুমতিও দিতে পারবে বিআরটিএ।
নম্বরপ্লেটের কারিগরি বিষয়াদি নির্ধারণের ক্ষমতাও সংস্থাটিকে দেওয়া হয়েছে। এর মধ্যে রয়েছে—অক্ষরের উচ্চতা, জেলা বা অঞ্চলের নাম নির্দেশকারী অক্ষরের মাপ, যানবাহনের শ্রেণি নির্দেশকারী অক্ষরের উচ্চতা, প্লেটের ওপরের ফাঁকা জায়গা এবং সংখ্যাগুলোর মধ্যবর্তী দূরত্ব। একইসঙ্গে এক লাইনে নম্বর লেখার ক্ষেত্রে জেলা বা অঞ্চলের নাম এবং শ্রেণির অক্ষরের পর নির্দিষ্ট দৈর্ঘ্যের হাইফেন ব্যবহারের নিয়ম রাখা হয়েছে।
সংশোধিত বিধিমালার ফলে মোটরসাইকেল মালিক ও প্রস্তুতকারকরা বাইকের নকশা অনুযায়ী সামনের নম্বরপ্লেট ব্যবহারের ক্ষেত্রে আরও নমনীয়তা ও সুবিধা পাবেন বলে সংশ্লিষ্টরা মনে করছেন।
মাতুভূমি/এসএফ

আপনার মতামত দিন