হোম / খেলাধুলা / অবসরের সিদ্ধান্ত মেসির ওপরই ছেড়ে দিলেন এএফএ স...
খেলাধুলা

অবসরের সিদ্ধান্ত মেসির ওপরই ছেড়ে দিলেন এএফএ সভাপতি

স্পোর্টস ডেস্ক
০৮ আগস্ট, ২০২৬ | ০৪:৪১ পূর্বাহ্ন
৮৯ বার পঠিত
ফন্ট:
উত্তর আমেরিকা বিশ্বকাপে দুর্দান্ত পারফর্ম করে নিজের নামের প্রতি আবারও পূর্ণ সুবিচার করেছেন লিওনেল মেসি।

উত্তর আমেরিকা বিশ্বকাপে দুর্দান্ত পারফর্ম করে নিজের নামের প্রতি আবারও পূর্ণ সুবিচার করেছেন লিওনেল মেসি। তাই ৩৯ বছর ছুঁইছুঁই এই মহাতারকাকে বুট জোড়া তুলে রাখার জন্য কোনো চাপ দিচ্ছে না আর্জেন্টিনা ফুটবল অ্যাসোসিয়েশন (এএফএ)। এএফএ সভাপতি ক্লদিও তাপিয়া স্পষ্টভাবে জানিয়ে দিয়েছেন, আন্তর্জাতিক ফুটবল থেকে কবে বিদায় নেবেন—সেই সিদ্ধান্ত সম্পূর্ণভাবে মেসির ওপরই ছেড়ে দেওয়া হয়েছে।

আর্জেন্টাইন এক টেলিভিশন চ্যানেলকে দেওয়া সাক্ষাৎকারে তাপিয়া বলেন, “অবসরের বিষয়টি পুরোপুরি লিওর ব্যক্তিগত সিদ্ধান্ত। তাকে এখন কিছুটা স্বস্তিতে থাকতে দিতে হবে। ২০২২ বিশ্বকাপ শেষের পর আমরা জানতাম না সে ২০২৬ বিশ্বকাপে অংশ নেবে কি না। সে ম্যাচ ধরে ধরে এগোতে চেয়েছিল এবং এবারের বিশ্বকাপে আমরা তাঁর অন্যতম সেরা একটি রূপ দেখেছি।”

টুর্নামেন্টজুড়ে দুর্দান্ত ফর্মে থাকা মেসি গ্রুপ পর্বে অস্ট্রিয়ার বিপক্ষে জোড়া গোলসহ পুরো আসরে ৮টি গোল ও ৪টি অ্যাসিস্ট করেন। যুক্তরাষ্ট্রের নিউ জার্সিতে অনুষ্ঠিত ফাইনালে অতিরিক্ত সময়ের লড়াইয়ে স্পেনের কাছে ১-০ গোলে হেরে রানার্সআপ হয় আর্জেন্টিনা।

মেসির নেতৃত্বের প্রশংসা করে তাপিয়া আরও বলেন, “তাকে স্বাধীনভাবে ফুটবল উপভোগ করতে দিতে হবে; সময় হলে সে নিজেই সঠিক সিদ্ধান্ত নেবে। লিওর জন্য এটি দারুণ একটি বিশ্বকাপ ছিল এবং অধিনায়ক হিসেবে সে আবারও বিশ্বকে তাঁর সামর্থ্য দেখিয়েছে। আমরা তাকে নিয়ে অত্যন্ত গর্বিত।”

উল্লেখ্য, ২০৩০ সালে স্পেন, পর্তুগাল ও মরক্কোয় বসবে পরবর্তী বিশ্বকাপের আসর—যার শতবর্ষ উপলক্ষে আর্জেন্টিনা, উরুগুয়ে ও প্যারাগুয়েতেও অনুষ্ঠিত হবে একটি করে ম্যাচ। সেই আসর চলাকালে মেসির বয়স হবে ৪৩ বছর। ফিফার ইতিহাস অনুযায়ী, গোলরক্ষক ছাড়া বিশ্বকাপে খেলা সবচেয়ে বয়স্ক আউটফিল্ড খেলোয়াড় ছিলেন ক্যামেরুনের রজার মিলা (৪২ বছর ৩৯ দিন)। বয়স ও ভবিষ্যতের অনিশ্চয়তা যাই থাক না কেন, আর্জেন্টিনার এই বিশ্বজয়ী মহাতারকার ওপর অবসরের সিদ্ধান্ত নিয়ে কোনো শর্ত চাপাতে নারাজ আর্জেন্টাইন ফুটবল বোর্ড।

স
স্পোর্টস ডেস্ক

প্রতিবেদক

আপনার মতামত দিন

ফটো কার্ড ডাউনলোড করুন
News Image
dailymatribhumi.com
logo
+