বিশ্ব ফুটবলের নিয়ন্ত্রক সংস্থা ফিফা এবং এর প্রেসিডেন্ট জিয়ান্নি ইনফান্তিনোকে দুর্বল করার লক্ষ্যে কিছু মহল 'সমন্বিত ও চলমান প্রচেষ্টা' চালাচ্ছে বলে গুরুতর অভিযোগ তুলেছে সংস্থাটি। সম্প্রতি উয়েফায় ইনফান্তিনোর মহাসচিব থাকাকালীন এক নারী কর্মীকে ‘বিদায়ী অর্থ’ দেওয়া সংক্রান্ত বিতর্ক প্রকাশ্যে আসার পর শনিবার এক কড়া বিবৃতিতে এই দাবি জানায় ফিফা।
যুক্তরাজ্যের 'ডেইলি টেলিগ্রাফ'-এর প্রতিবেদনে দাবি করা হয়, ইনফান্তিনোর সঙ্গে সম্পর্ক থাকা উয়েফার এক নারী কর্মীকে ছয় অঙ্কের বিদায়ী অর্থ এবং স্নাতকোত্তর কোর্সের খরচ দেওয়া হয়েছিল। উয়েফা অর্থ প্রদানের কথা স্বীকার করে নিয়মমাফিক দেওয়ার দাবি করলেও, ফিফা এবং ইনফান্তিনো এই অভিযোগগুলোকে 'ভিত্তিহীন ও সম্পূর্ণ মিথ্যা' বলে প্রত্যাখ্যান করেছেন।
মূলত, 'ফিফা ফরোয়ার্ড এন্টারপ্রাইজ'-এর মাধ্যমে বিশ্বকাপের বাণিজ্যিক আয় বিক্রির একতরফা পরিকল্পনা নিয়ে উয়েফা, কনকাকাফসহ কয়েকটি মহাদেশীয় সংস্থার সঙ্গে ইনফান্তিনোর তীব্র বিরোধ দেখা দেয়। পরিকল্পনাটি ভেস্তে যাওয়ার পর উয়েফায় ৫৫টি সদস্য দেশ বিশ্বকাপ বয়কটের হুমকি পর্যন্ত দিয়েছে। এর পরপরই ইনফান্তিনোর বিরুদ্ধে পুরোনো ব্যক্তিগত বিতর্কের অভিযোগগুলো সামনে আনা হয়।
শনিবারের দীর্ঘ বিবৃতিতে ফিফা স্পষ্ট জানায়, গণতান্ত্রিক প্রক্রিয়ায় বা নির্বাচনে জয়ী হতে না পেরে একটি গোষ্ঠী মিথ্যা দাবি, বিভ্রান্তিকর তথ্য ও অভিযোগ ছড়িয়ে বর্তমান সভাপতির আইনি ম্যান্ডেট ও কর্তৃত্বকে দুর্বল করার অপচেষ্টা করছে। পরিচ্ছন্ন ও বৈধ যাচাই-বাছাইকে স্বাগত জানালেও তথ্য বিকৃতির প্রতিবাদ করার হুঁশিয়ারি দিয়েছে সংস্থাটি।
এদিকে ইউরোপীয় অঞ্চলের কড়া সমালোচনার মুখে পড়লেও বিশ্ব ফুটবলে একা হয়ে পড়েননি ইনফান্তিনো। দক্ষিণ আমেরিকার 'কনমেবল' ও আফ্রিকার 'সিএএফ' (CAF) ইতোমধ্যেই তাঁর নেতৃত্বের প্রতি পূর্ণ ও সর্বসম্মত সমর্থন পুনর্ব্যক্ত করেছে। এমনকি কনকাকাফের বিরোধিতা সত্ত্বেও মেক্সিকো ইনফান্তিনোর পাশেই থাকার ঘোষণা দিয়েছে। মরক্কোয় আয়োজিত বৈঠকে ফিফার শীর্ষ নেতৃত্বও স্বীকার করেছে যে বিতর্কিত প্রস্তাবটি নিয়ে ভুল হলেও সভাপতি হিসেবে ইনফান্তিনোর ওপর তাদের আস্থা অবিচল রয়েছে।

আপনার মতামত দিন