হোম / খেলাধুলা / বাবার অন্ত্যেষ্টিক্রিয়ায় মেসি
খেলাধুলা

বাবার অন্ত্যেষ্টিক্রিয়ায় মেসি

স্পোর্টস ডেস্ক
১০ আগস্ট, ২০২৬ | ০১:২১ পূর্বাহ্ন
৮৫ বার পঠিত
ফন্ট:
নিরাপত্তা বেষ্টনীর মধ্য দিয়ে নিতান্তই পারিবারিক আবহে বাবা হোর্হে মেসিকে শেষ বিদায় জানিয়েছেন লিওনেল মেসি ও তাঁর পরিবার।

নিরাপত্তা বেষ্টনীর মধ্য দিয়ে নিতান্তই পারিবারিক আবহে বাবা হোর্হে মেসিকে শেষ বিদায় জানিয়েছেন লিওনেল মেসি ও তাঁর পরিবার। দীর্ঘদিন অসুস্থতায় ভোগার পর গত শনিবার রোজারিওর একটি ক্লিনিকে ৬৮ বছর বয়সে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন আর্জেন্টাইন সুপারস্টারের বাবা। রোববার সকালে রোজারিওর সান্তা ফের শহরতলিতে অবস্থিত ‘এল প্রাডো’ ব্যক্তিগত কবরস্থানে তাঁর দাফন সম্পন্ন হয়।

বাবার মৃত্যুর খবর পেয়েই শনিবার রাতে যুক্তরাষ্ট্র থেকে স্ত্রী আন্তোনেলা রোকুজ্জো ও সন্তানদের নিয়ে প্রাইভেট বিমানে রোজারিওতে পৌঁছান ইন্টার মায়ামি তারকা। তিনি মা সেলিয়া কুচিত্তিনি এবং ভাইবোন মাতিয়াস, রদ্রিগো ও মারিয়া সোলের সঙ্গে সত্কারে অংশ নেন। মেসির পরিবারের একান্ত ব্যক্তিগত মুহূর্ত ও গোপনীয়তা রক্ষায় দুপুর থেকে 'এল প্রাডো' কবরস্থানে সাধারণ দর্শনার্থীদের প্রবেশ সাময়িকভাবে বন্ধ রাখা হয়।

প্রিয় তারকাকে সমবেদনা ও শ্রদ্ধা জানাতে রোজারিও বিমানবন্দর এবং কবরস্থানের আশপাশে জড়ো হন অনেক ভক্ত। কবরস্থানের সীমানাপ্রচীরে ঝুলিয়ে দেওয়া হয় ‘শক্ত থাকো লিও, আমরা তোমাকে ভালোবাসি’ লেখা হাতে আঁকা ব্যানার। এছাড়া আর্জেন্টাইন ফুটবল অ্যাসোসিয়েশন (এএফএ) ও আর্জেন্টিনা জাতীয় দলের কোচিং স্টাফের পক্ষ থেকে শোক প্রস্তাব এবং ফুলের তোড়া পাঠানো হয়। গভীর সমবেদনা জানিয়েছেন রোজারিওর মেয়র পাবলো জাভকিন।

হোর্হে মেসির স্মরণে এএফএ-র নির্দেশনায় এই সপ্তাহের দেশটির সব পেশাদার ও যুব ক্যাটাগরির ম্যাচে এক মিনিটের নীরবতা পালন করা হচ্ছে; খেলোয়াড়, কোচ ও রেফারিদের জন্য কালো আর্মব্যান্ড পরা বাধ্যতামূলক করা হয়েছে।

এদিকে মেসির ফুটবলের হাতেখড়ি নেওয়া স্থানীয় ক্লাব ‘আবানদেরাদো গ্রানদোলি’ এক আবেগঘন বার্তায় হোর্হের অবদান স্মরণ করেছে। শিশু মেসির একটি পুরোনো ছবি শেয়ার করে ক্লাবটি লিখেছে, “হোর্হে আমাদের ইতিহাসের অংশ এবং ক্লাবের কোচ ছিলেন। তিনি ছিলেন ছোট্ট লিওনেলের সেই শুরুর দিনগুলোতে, যিনি পরে ফুটবলের ইতিহাস তৈরি করেছেন। আমরা তোমাকে শক্ত করে জড়িয়ে ধরছি, লিও। আমাদের ইতিহাসের অংশ হওয়ার জন্য ধন্যবাদ, হোর্হে।”

উল্লেখযোগ্য যে, দীর্ঘদিনের অসুস্থতাজনিত শারীরিক জটিলতায় রোজারিওর ‘সানাতোরিও সেন্ট্রো’ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় শনিবার ভোরে মারা যান হোর্হে মেসি।

স
স্পোর্টস ডেস্ক

প্রতিবেদক

আপনার মতামত দিন

ফটো কার্ড ডাউনলোড করুন
News Image
dailymatribhumi.com
logo
+